বার্সেলোনার অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই ম্যাচে হার। বার্সেলোনার হতাশায় আজ আরেকটি পোঁচ দিতে চায় চেলসি। পেপ গার্দিওলার দলকে ডোবাতে চায় হ্যাটট্রিক পরাজয়ের তিক্ততায়। উল্টো পিঠে হ্যাটট্রিক পরাজয়ের গ্লানি নয়, বার্সেলোনা মাঠে নামছে আগের দুই হারের কালিমা মুছে ফেলার প্রতিজ্ঞা নিয়ে।সুতরাং, ন্যু ক্যাম্পে আজ আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোরই আভাস। কাজটা বার্সেলোনার জন্যই কঠিন। প্রথম লেগে চেলসির মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছে গার্দিওলার দল। চার মৌসুমে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। যদিও ১-০ গোলে জিতলে তারা ম্যাচকে নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে।টানা দুই হারের সর্বশেষটি চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে। গত শনিবার এল ক্লাসিকোর হারটি প্রায় শেষই করে দিয়েছে বার্সার লিগ শিরোপার আশা। এ অবস্থায় চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার অর্থ হবে পুরো মৌসুমটাতেই হতাশার প্রলেপ পড়া। গার্দিওলাও তাই বলছেন, চেলসির ম্যাচই ঠিক করে দেবে মৌসুমটি কেমন যাবে।সময় এবং সমীকরণের কঠিন বাঁকে দাঁড়িয়ে বার্সা কোচ স্বীকার করছেন, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগ তাঁদের জন্য অগ্নিপরীক্ষা। তবে গার্দিওলা আশাবাদী, পরীক্ষা যত কঠিনই হোক, তাঁর শিষ্যরা উত্তীর্ণ হবেন, ‘দেখা যাক, মঙ্গলবারের পরীক্ষায় আমরা পাস করতে পারি কি না। তবে আমার মনে হয়, আমাদের খেলোয়াড়েরা ঠিকই ঘুরে দাঁড়াবে এবং চেলসির বিপক্ষে ভালো কিছু করার পথ খোঁজার চেষ্টা করবে।’সতীর্থদের চেলসির বিপক্ষে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক কার্লোস পুয়োল। লিগ শিরোপা শেষ স্বীকার করলেও মিডফিল্ডার জাভি আত্মবিশ্বাসী যে এখনো দারুণ একটি মৌসুম কাটতে পারে তাঁদের, ‘মুহূর্তটি মোটেই স্পর্শকাতর নয়, বরং আশায় ভরা। মৌসুমটিকে দুর্দান্ত করে তোলার সম্ভাবনাটা আমাদের হাতেই।’১-০ গোলে এগিয়ে থাকা চেলসি ন্যু ক্যাম্পে কোনোরকম ড্র করতে পারলেই পেয়ে যাবে ফাইনালের টিকিট। কিন্তু রামিরেজ বলছেন, বার্সেলোনাই ফেবারিট। যদিও ব্রাজিলিয়ান মিডফিল্ডার বার্সাকে স্নায়ুচাপে ফেলারও চেষ্টা করছেন, ‘চাপটা বার্সেলোনার ওপরই থাকবে। তাদের গোল করতেই হবে এবং এই সুযোগটাই আমরা নিতে পারি। বার্সেলোনা অজেয় নয়। স্ট্যামফোর্ড ব্রিজেই আমরা তা দেখিয়েছি। প্রথম পা-টা আমরা ফেলেছি, কিন্তু আমরা সুবিধা পাব একেবারেই কম। তারাই ফেবারিট।’চেলসি সর্বশেষ লিগ ম্যাচে আটজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ফুরফুরে মেজাজে। আর ওদিকে টানা খেলার ধকলে ক্লান্ত বার্সা। যদিও তাদের জন্য সুসংবাদ, শিবিরে নতুন চোট-শঙ্কা নেই। সম্ভাব্য সেরা অস্ত্রে সজ্জিত হয়েই ঝাঁপিয়ে পড়ছেন গার্দিওলা। ডিফেন্ডার পিকেকে পাচ্ছেন এই লড়াইয়ে। উল্টো পাশে সেরা অস্ত্রটিকে নিয়েই সংশয়ে রবার্তো ডি মাত্তেও। প্রথম লেগের নায়ক দিদিয়ের দ্রগবা খেলবেন বলে আশাবাদী বটে, তবে সংশয় এখনো কাটেনি। হাঁটুর চোটের কারণে গত শনিবার আর্সেনাল ম্যাচটা বাইরে বসে কাটানো আইভরিয়ান তারকা আজ নাও খেলতে পারেন। তাঁর পরিবর্তে নামতে পারেন ফার্নান্দো তোরেস। অ্যাটলেটিকো মাদ্রিদে থাকার সময় লা লিগায় যিনি বার্সেলোনার বিপক্ষে ৭ গোল করেছেন ১০ ম্যাচে। তবে সেই ভয়ংকর তোরেস এখন নিজের ছায়া।বার্সেলোনাকে আশাবাদী করছে না পরিসংখ্যানও। এমনিতে গোলের বান বইয়ে দিলেও ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে গোল তাদের কাছে সোনার হরিণ। ঘরের মাঠে ইউরোপিয়ান সেমিফাইনালের সর্বশেষ সাত ম্যাচে বার্সা গোল করেছে মাত্র দুটি! জয় মাত্র এক ম্যাচে। অন্যদিকে চেলসি সর্বশেষ তিনবারই ন্যু ক্যাম্প থেকে ফিরেছে ড্র করে। আজও তা করতে পারলে কপাল পুড়বে বার্সার। এএফপি, ওয়েবসাইট।