বার্সেলোনার কঠিন জয়
স্প্যানিশ লিগে সেভিয়ার বিপক্ষে ড্র করে শীর্ষস্থানটা হারাতে হয়েছিল বার্সেলোনাকে। এবার নবম ম্যাচে জয় দিয়ে ক্ষণিকের জন্য হলেও আবার সবার ওপরে বসেছে কাতালানরা। তবে গতকাল লিগের নবম ম্যাচে গ্রানাডার বিপক্ষে এই ১-০ গোলের জয় পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে টানা তিনবারের শিরোপা জয়ীদের। প্রথমার্ধের ৩৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে বার্সেলোনাকে জয়সূচক গোলটি এনে দিয়েছিলেন জাভি।স্প্যানিশ লিগে গতকালের ম্যাচে মাঠে নামার সময়ই নতুন এক রেকর্ড গড়েছেন বার্সা মাঝ মাঠের মধ্যমণি জাভি। ৩৯২টি ম্যাচ খেলে স্প্যানিশ এই মিডফিল্ডার গড়েছেন বার্সেলোনার জার্সি গায়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ খেলার রেকর্ড। পেছনে ফেলেছেন ডিফেন্ডার মিগুয়েইলিকে। যিনি খেলেছিলেন ৩৯১টি ম্যাচ। আর দুর্দান্ত এক গোল করে এই রেকর্ড গড়ার রাতটা স্মরণীয়ও করে রেখেছেন জাভি। প্রথমার্ধের ৩৩ মিনিটে ফ্রি-কিক থেকে ডান পায়ের মাপা শটে গ্রানাডার জালে বল জড়িয়ে দেন এ সময়ের অন্যতম সেরা এই প্লেমেকার। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাডার মিডফিল্ডার রোমেরো গোমেজ। কিন্তু এ ১০ জনের দলের বিপক্ষেও পরে আর গোল করতে পারেনি বার্সেলোনা। এই ম্যাচের পারফরমেন্স নিয়ে খুব বেশি হতাশ না হলেও ভবিষ্যতে যে আরও উন্নতি করতে হবে, সে ব্যাপারে সতীর্থদের সজাগ করে দিয়েছেন জাভি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘খুবই কঠিন ম্যাচ ছিল এটা। দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশি সুবিধা করতে পারিনি। আমরা ভালো পারফরমেন্সই দেখিয়েছি। কিন্তু আমাদের আরও অগ্রগতি সম্ভব।’ রয়টার্স।