বার্সেলোনার কোচ হওয়ার কথা ছিল মরিনহোর !
বার্সেলোনার কোচ হওয়ার কথা ছিল হোসে মরিনহোর। বার্সেলোনাও তাঁকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। তবে এই ঘটনা পেপ গার্দিওলার কোচ হওয়ারও আগের। সেই ২০০৮ সালের। ধারাবাহিক ব্যর্থতার দায় ঘাড়ে চাপিয়ে ফ্রাঙ্ক রাইকার্ডকে যখন বিদায় জানিয়ে দেওয়া হয়েছিল, তখন বার্সেলোনা হন্যে হয়ে এমন একজন কোচ খুঁজছিল, যিনি নিজ ব্যক্তিত্ব ও ক্যারিশমায় ব্যর্থতার অন্ধ কুঠুরি থেকে বার্সেলোনাকে উদ্ধার করতে পারবেন। তখন হোসে মরিনহোই ছিলেন কাতালান ক্লাবটির প্রথম পছন্দ। তবে পরে মত বদলে ফ্রাঙ্ক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দেওয়া হয়।বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন বার্সেলোনারই এক সাবেক কর্মকর্তা। সরিআনো নামের সেই কর্মকর্তা ছিলেন বার্সেলোনার সাবেক ভাইস প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি ইউরোস্পোর্ত নামের একটি মিডিয়াকে এই কাহিনি জানান।‘এটা সত্যি যে ফ্রাঙ্ক রাইকার্ডের জায়গায় প্রথমে আমরা হোসে মরিনহোকেই ভেবেছিলাম। এটা অনস্বীকার্য যে তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ।’ বলেছেন সরিআনো।সরিআনো আরও বলেন, ‘ওই সময় আমরা ভেবেছিলাম, মরিনহো আমাদের সাফল্য এনে দিতে পারবেন। পরে আমরা সেই চিন্তা বাদ দিয়ে পেপ গার্দিওলাকে নিয়োগ দিই। বাকিটা তো ইতিহাস।’হোসে মরিনহোর নিজস্ব ফুটবল-দর্শন নিয়েই মূলত বার্সার সমস্যা ছিল বলে জানিয়েছেন সরিআনো। তিনি বলেন, ‘ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের খেলা দেখুন। ওই দর্শনের সঙ্গে বার্সেলোনার দর্শন মিলবে না। তাই মরিনহোকেও আমরা আর নিইনি।’২০০৮ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলা বার্সেলোনাকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। তিনি তাঁর দল নিয়ে জিতেছেন তিনটি স্প্যানিশ লিগের শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও আরও অনেক শিরোপা। ওয়েবসাইট।