বার্সেলোনার ক্ষোভ
পাঁচ দিনের মধ্যে আরেকটি হারের হতাশা ছাপিয়ে বার্সেলোনা শিবিরে বড় হয়ে উঠল ক্ষোভ। এই ক্ষোভ রেফারির বিরুদ্ধে, ম্যাচের শেষ মুহূর্তে তাদের একটা পেনাল্টির দাবিকে কেন্দ্র করে। অভিযোগের তির ছুড়ে জেরার্ড পিকে বললেন, রেফারিরা সব সময়ই রিয়াল মাদ্রিদের পক্ষে সিদ্ধান্ত দেয়।মজার ব্যাপার হলো, একসময় রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ করত রিয়াল মাদ্রিদও। পরশু বার্সার ক্ষোভের ঘটনাটা ম্যাচের যোগ করা সময়ের। ২-১ গোলে এগিয়ে থাকা রিয়াল তখন উৎসবে মাতার অপেক্ষায়। ঠিক তখনই বল নিয়ে রিয়ালের বক্সে ঢুকে পড়া বার্সার ব্রাজিলিয়ান উইংব্যাক আদ্রিয়ানোকে ফেলে দেন সার্জিও রামোস। বার্সেলোনার খেলোয়াড়েরা পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি মিগুয়েল অ্যাঙ্গেল পেরেজ ভ্রুক্ষেপ না করে খেলা চালিয়ে যান।খেলা চলাকালেই প্রতিবাদ করে হলুদ কার্ড পান আন্দ্রেস ইনিয়েস্তা ও ভিক্টর ভালদেজ। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে রেফারিকে কী যেন বলায় বার্সেলোনা গোলরক্ষক ভালদেজ পেয়েছেন লাল কার্ডও। পিকের কথা, ‘আমরা রেফারিকে বলেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা পরিষ্কার পেনাল্টি। কিন্তু আমরা জানতাম এ ঘটনাগুলোই ঘটবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে, এ রকম সুযোগ হলে, তা তাদের পক্ষেই যাবে।’বার্সেলোনার হতাশাটা বেড়ে যেতে পারে আরও। কারণ, লাল কার্ড পাওয়া ভালদেজের কপালে নেমে আসতে পারে আরও বড় শাস্তি। রেফারিদের অপমান করার জন্য নিষিদ্ধ হতে পারেন অন্তত পাঁচ ম্যাচের জন্য। এর আগে একই রকম ঘটনায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সার্জিও রামোস। ঘটনাক্রমে পরশুর ঘটনাতেও জড়িয়ে আছেন সেই রামোস।রেফারি পেরেজ রিপোর্ট করেছেন, সতর্ক করার পর তাঁর সতীর্থরা দমে গেলেও ভালদেজ রেফারিদের অপমান করেছেন। পেরেজের মুখের কাছে মুখ নিয়ে বার্সা গোলরক্ষক নাকি চিৎকার করে বলেছেন, ‘তোমরা (রেফারিরা) ফালতু (বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে পেনাল্টি দাও না)। তোমাদের লজ্জা করে না!’ এএফপি, ওয়েবসাইট।