বার্সেলোনার গায়ে সেল্টিকের আঁচড়
স্কটল্যান্ডের সেল্টিক ক্লাব নামের বিচারে বার্সেলোনার চেয়ে যোজন-ব্যবধানে পিছিয়ে। কিন্তু গতকাল বুধবার রাতে গ্লাসগোয় এই সেল্টিকই ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে দিয়েছে তিন বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারের তেতো স্বাদ।ম্যাচের ২১ মিনিটেই চার্লি মুলগ্রিউয়ের দুর্দান্ত এক কর্নার থেকে হেডে গোল করে সেল্টিককে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান কেনীয় মিডফিল্ডার ভিক্টর ওয়ানাইয়ামা। বার্সেলোনার চাপ সত্ত্বেও লিড ধরে রেখে ৮৩ মিনিটের সময় কাতালানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় স্কটরা। পেছন থেকে থ্রু বাড়ানো একটি বল ধরে হাভিয়ের মাচেরানোকে গতিতে পেছনে ফেলে দারুণ এক গোল করেন সেল্টিকের ১৮ বছর বয়সী স্ট্রাইকার অ্যান্টনি ওয়াট। ওয়াট চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করলেন বার্সার মতো দলের বিপক্ষে জয়সূচক গোল করে।৮৩ মিনিটের মাথায় দুই গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লিওনেল মেসির সান্ত্বনাসূচক গোলে মাঠ ছাড়ে বার্সেলোনা। পেদ্রোর একটি কড়া শট সেল্টিকের গোলরক্ষক ফ্রেসার ফস্টার ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান মেসি।চারটি পরিবর্তন নিয়ে কাল মাঠে নেমেছিল বার্সেলোনা। আদ্রিয়ানো, সার্জিও বুসকেটস, সেস ফ্যাব্রিগাস ও ডেভিড ভিয়ার বদলে মাঠে নামেন দানি আলভেস, মার্ক বারত্রা, অ্যালেক্স সং ও অ্যালেক্সিজ সানচেজ। এই পরিবর্তনে কিছুটা বেসামাল হয়েই কিনা প্রথম থেকেই বার্সেলোনা ছিল কিছুটা ছন্দহীন। তার পরও বেশ কয়েকবার সেল্টিকের গোলবারে হানা দেয় দলটি। কিন্তু ২১ মিনিটে ওয়ানাইয়ামার গোলে সেল্টিক এগিয়ে গেলে বার্সেলোনার ফুটবল হয়ে পড়ে এলোমেলো। টিটো ভিলানোভার পরিবর্তন-তত্ত্ব কাজে না এলেও সেল্টিক কোচ নেইল লেননেরটা কাজে এসেছে। বার্সেলোনার মতোই চার পরিবর্তন নিয়ে মাঠে নামা সেল্টিকের এই দুর্দান্ত জয়টা কিন্তু একেবারেই হঠাত্ করে পাওয়া নয়। যোগ্যতর দল হিসেবেই কাল বার্সেলোনার শ্রেষ্ঠত্বে আঁচড় বসিয়ে দিয়ে গেল স্কটল্যান্ডের এ ক্লাবটি। ১৯৬৭ সালে ইউরোপীয় কাপে ইন্টার মিলানকে হারানোর পর সেল্টিকের সেরা সাফল্যের রাতটি নিশ্চয়ই দারুণভাবেই উদযাপন করেছেন গ্লাসগোর অধিবাসীরা। রয়টার্স।