বার্সেলোনার জয়, চেলসির ড্র
ম্যাচে তখন ১-০ তে এগিয়ে বার্সেলোনা। ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো আলকানতারাকে। ১০ জনের দল হয়ে পড়া বার্সেলোনার সঙ্গে সুযোগটা কাজে লাগাতে পারল না মায়োর্কা। উল্টো এক গোল হজম করে বসল! শেষ পর্যন্ত ২-০ জয় নিয়েই মাঠ ছেড়েছেন মেসিরা। ২৫ মিনিটে সানচেজের গোলে এগিয়ে যায় বার্সা, ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান অল্প সময়ের জন্য হলেও কমাতে পেরেছিল বার্সেলোনা। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট তাদের। পরের ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে খেলার আগ পর্যন্ত রিয়ালের পয়েন্ট ছিল ২৮ ম্যাচে ৭২। এদিকে ইংলিশ লিগে টটেনহামের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর আশা পূরণ হয়নি চেলসির। নিজেদের মাঠে গতকাল টটেনহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নীল দল। চেলসি-টটেনহামের এই ড্রতে লাভ হয়েছে আর্সেনালের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ তে জিতে চতুর্থ স্থানে থাকা টটেনহামের (৫৫) চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ওয়েঙ্গারের দল (৫৮)। এএফপি।