বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। কাল মঙ্গলবার রাতে অ্যালেক্সিস সানচেজ ও সেস ফ্যাব্রিগাসের গোলে কাতালানরা ২-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। দুটি গোলেরই উত্সমূলে ছিলেন সেই লিওনেল মেসি।ম্যাচের ৬ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল বার্সা। মেসির ক্রসকে গোলে পরিণত করেন অ্যালেক্সিস সানচেজ। গোল খেয়ে পিছিয়ে পড়ে বেনফিকা তেড়ে-ফুঁড়ে ঝাঁপিয়ে পড়েছিল ম্যাচে। তবে সেই আক্রমণের তোড় সামলে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় মেসির আরও একটি পাসে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফেরে টিটো ভিলানোভার দল।জয় পেলেও ম্যাচটিতে কিছুটা দুর্ভাগ্যই তাড়া করেছে কাতালানদের। আঘাত কাটিয়ে দলে ফেরা অধিনায়ক কার্লোস পুয়োলের আবার আহত হয়ে মাঠ ত্যাগ করা তো ছিলই। কাল সরাসরি লালকার্ড দেখেছেন সার্জিও বুসকেটস। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট বাকি থাকতে বুসকেটসের এই মার্চিং অর্ডার আফসোসই তৈরি করবে কাতালান শিবিরে।শেষ পর্যন্ত হেরে গেলেও ম্যাচ থেকে কখনো বেরিয়ে যায়নি বেনফিকা। উপরন্তু গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার দারুণ এক সুযোগই পেয়ে গিয়েছিল তারা। কিন্তু নিকোলাস গেইটানের পাস থেকে বল পেয়ে লিমা বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেসকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি। সমতার শঙ্কা থেকে মুক্ত হয়ে বার্সেলোনা নিজেদের গুছিয়ে নেয়। তবে বেনফিকার রক্ষণব্যূহ ছিল অটুট বুননে ঠাসা। তার পরও বার্সেলোনার ফুটবলারদের স্কিলড বল প্লের কাছে শেষ পর্যন্ত পরাজিত পর্তুগিজ এই ক্লাব।ম্যাচের ২২ মিনিটের মাথায় মেসির দারুণ এক শট কোনোমতে ফেরান বেনফিকার গোলরক্ষক আর্টার। এর পরপরই নিজের গোলসংখ্যাকে বাড়াতে ব্যর্থ হন অ্যালেক্সিস সানচেজ। গোলরক্ষক আর্টারকে একা পেয়েও তিনি বল বাইরে মারেন।দ্বিতীয়ার্ধে সেই সানচেজই আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন। এবারও আর্টারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে গিয়ে বারের ওপর দিয়ে মেরে তিনি সুযোগটি নষ্ট করেন। এর কিছুক্ষণ পরেই মেসির পাস থেকে সেস ফ্যাব্রিগাস গোল করে দলকে এগিয়ে নেন আরও। ২ গোলে পিছিয়ে পড়া বেনফিকার গেইটানের একটি দূরপাল্লার শট অপূর্ব ভঙ্গিমায় ঠেকিয়ে দেন ভালদেস। এর আগে বার্সা গোলবারের খুব কাছ থেকেও জারদেল গোল করতে ব্যর্থ হন। মাত্র ১০ গজ সামনে দাঁড়ানো জারদেল বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে পরাজয়ই হয়ে পড়ে বেনফিকার ভবিতব্য। রয়টার্স।