বার্সেলোনার তল পায়নি বিলবাও
সামনের একটা সপ্তাহ বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। চার দিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে ‘এল ক্লাসিকো’। অ্যাথলেটিকো বিলবাওকে ৪-১ গোলে হারিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিটা ভালোই নিল বার্সেলোনা। সেই সঙ্গে স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে নিজের অবস্থানটাও তারা ঠিক রাখল। সিরি ‘আ’র শিরোপা লড়াইয়েও যার যা অবস্থান, সেটা ঠিক রেখেছে শিরোপা লড়াইয়ের তিন মূল প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান, এসি মিলান ও এএস রোমা। তিন দলই জয় পেয়েছে পরশু।এল ক্লাসিকো, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ—বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের সব ভুলে যেতে বলেছিলেন গার্দিওলা। বলেছিলেন শুধু এ ম্যাচটি নিয়েই ভাবতে এবং আরেকটা ভালো খেলা উপহার দিতে। মেসি-জাভিরা কোচের কথা রেখেছেন আরও একটা দুর্দান্ত পারফরম্যান্স করে। আরেকবার অনিন্দ্যসুন্দর পাসিং ফুটবল খেলল বার্সেলোনা, আর তাতেই উড়ে গেল বিলবাও। নিজেদের অনুকূলে শতকরা ৬৫ ভাগ বল দখলও বার্সেলোনার দাপটটা পরিষ্কার। আর এতে ২৪ ঘণ্টার জন্য হলেও বার্সেলোনা উঠে গিয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষে। ৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট তাদের। কাল রাতে রেসিং সান্তান্দারের বিপক্ষে খেলতে নামার আগে ২৯ ম্যাচে ৭৪ পয়েন্ট ছিল রিয়াল মাদ্রিদের।দুই ম্যাচ পর লিগে আবার গোল পেলেন মেসি। তবে বার্সেলোনার পরশুর জয়ের নায়ক কিন্তু তরুণ স্ট্রাইকার বোজান কিরকিচ। জোড়া গোল করেছেন তিনি। বিলবাওয়ের জালে বার্সেলোনার গোল-উৎসবের শুরুটা করেছেন গত বছরেই বার্সেলোনার ‘বি’ দল থেকে মূল দলে ঠাঁই পাওয়া জেফরেন সুয়ারেজ। ২৬ মিনিটে জেফরেনের এই গোলের পর ৪১ ও ৫৮ মিনিটে কিরকিচের দুই গোল। পেদ্রোর ক্রস থেকে মেসির গোলটি ৬৬ মিনিটে। ৭৬ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন বিলবাওয়ের সুসায়েটা।সিরি ‘আ’তে থিয়াগো মোত্তার জোড়া গোলের সঙ্গে বালোতেল্লির গোলে বোলোনিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। ক্যালিয়ারির বিপক্ষে আরেক এসি মিলানের জয়টি ৩-২ গোলে। মিলানের পক্ষে গোল করেছেন বরিয়েল্লো ও হান্টেলার। অন্য গোলটি আত্মঘাতী। বারির বিপক্ষে রোমার জয়টা ভুচিনিচের একমাত্র গোলে। তিন দলই জয় পাওয়ায় পয়েন্ট তালিকার ওপরের দিকে কোনো পরিবর্তন হয়নি। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। এক পয়েন্ট কম নিয়ে রোমা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৩। জার্মানির বুন্দেসলিগায় শালকে জিরো ফোরকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট বায়ার্নের, শালকের ৫৮। এএফপি।