একদিকে পুরোনো দলের আবেগ, অন্যদিকে বর্তমান দলকে জেতানোর অদম্য ইচ্ছা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল পেলে ডেভিড ভিয়া কীভাবে করতেন গোলের উদ্যাপন? তিনি তাই বলে দিয়েছিলেন গোল উদ্যাপন করবেন না। তাঁকে সমস্যা থেকে বাঁচালেন আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লোস পুয়োল। এঁরাই দুজন গোল করলেন, ন্যু ক্যাম্পে পরশু ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাল বার্সেলোনা। এই জয় কাতালানদের পয়েন্ট তালিকারও এক নম্বরে তুলে দিয়েছিল। বার্সেলোনার জয় দেখে মাঠে নামা রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীকে ওপরে থাকতে দেয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে তারা মালাগাকে হারিয়ে এল ৪-১ গোলে। বিশাল এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদই।ভিয়ার আবেগের ম্যাচ বার্সেলোনার জন্য বিষাদময় হয়ে উঠতে পারত। ম্যাচের ৩৭ মিনিটে পাবলো হার্নান্দেজের গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক বার্সাই। কিন্তু দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি, জার্ভি হার্নান্দেজ আর আন্দ্রেস ইনিয়েস্তাদের ধ্রুপদি ফুটবল তা হতে দেয়নি। ৪৭ মিনিটে ইনিয়েস্তার অসাধারণ এক গোল ম্যাচে ফেরায় বার্সাকে। ৬২ মিনিটে পুয়োল জয়সূচক গোলটি করেন দুর্দান্ত এক হেডে। এর পর আর গোল করতে না পারলেও পাসিং ফুটবলের ইন্দ্রজালে এই ম্যাচের আগে পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা ভ্যালেন্সিয়াকে মোহগ্রস্ত করে রাখে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া এখন তৃতীয় স্থানে। সমান পয়েন্ট বার্সারও। তবে গোল ব্যবধানে তারাই দ্বিতীয় স্থানে। ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে।বার্সেলোনার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত, যদি ভিয়া তাঁর পুরোনো দলের বিপক্ষে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারতেন। ব্যবধানেই পরশু জিততে পারত। আসলে ভাগ্যই মনে হয় বঞ্চিত করেছে ভিয়াকে।রিয়াল মালাগা-পরীক্ষা দিয়েছে ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত। দুর্দান্ত কিছু আক্রমণ করেও বারবার মালাগার রক্ষণে আটকে যাচ্ছিলেন রোনালদো-হিগুয়েইনরা। ৩০ মিনিটে মালাগার রক্ষণ জাল ছেঁড়েন হিগুয়েইন। এর পরই আসলে শুরু তাদের আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। কুড়ি মিনিটের মধ্যে আরও তিন গোল করে তারা। ৪৫ ও ৫০ মিনিট দুই গোল করেন রোনালদো। ৬৫ মিনিটে দলের চতুর্থ গোলটি হিগুয়েইনের। ছন্দময় ফুটবল খেলেছে পরশু এসি মিলানও। সিরি ‘আ’তে শিয়েভোর বিপক্ষে তাদের ৩-১ গোলের জয়টা আসলে ব্রাজিলিয়ান-জাদুর কারসাজি। দুর্দান্ত রোনালদিনহোর পাশে থেকে গোল তিনটি করেছেন অন্য দুই ব্রাজিলিয়ান আলেক্সান্ডার পাতো (২টি) ও রবিনহো। অনেকের চোখে ইউরোপের সেরা আক্রমণভাগের আরেক সদস্য জ্লাতান ইব্রাহিমোভিচও একটি গোল পেয়েছেন। তবে সেটি দিয়েছেন তিনি নিজেদের জালে (আত্মঘাতী)। কাল ও পরশু ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেছে অঘটন। নতুন যাত্রা সুখকর হয়নি লিভারপুলের। নতুন মালিককে জয় উপহার দিয়েই নবযাত্রার শুরু করতে চেয়েছিলেন কোচ রয় হজসন। কিন্তু নতুন মালিক হেনরির সামনে কাল এভারটনের কাছে ২-০ গোলে হেরে গেছে ‘অল রেড’রা। শিরোপার দুই প্রধান দাবিদার ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসি দুই দলেরই পা পিছলেছে। ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ব্রমউইচ আটকে দিয়েছে ম্যানইউকে (২-২)। চেলসি গোলশূন্য ড্র করে ফিরেছে অ্যাস্টন ভিলার মাঠ থেকে, তবু তারাই শীর্ষে (৮ ম্যাচে ১৯)। কাল ব্ল্যাকপুলকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি (১৭ পয়েন্ট)। এএফপি।