বার্সেলোনার দুর্দান্ত শুরু
ফুটবলমনস্ক মানুষের তৃষিত চোখগুলোয় আবার রোমাঞ্চের খেলা। শুরু হয়ে গেছে ইউরোপিয়ান লিগ। তবে নতুন মৌসুমের অভিষেক ম্যাচে বড় দলগুলোর অভিজ্ঞতা মিশ্র। গত রোববার লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা শুরু করেছে ৫-১ গোলের জয় দিয়ে। রিয়াল মাদ্রিদ শুরুতেই খেয়েছে হোঁচট, বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।বড় নাটক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে রোমাঞ্চকর জয়। ম্যানচেস্টার ইউনাইটেড তো হেরেই গেছে। হেরেছে লিভারপুলও। আর্সেনাল ড্র করেছে। তবে চেলসির শুরুটা হয়েছে প্রত্যাশিত জয় দিয়ে।রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার এবারের সূচনা ম্যাচটা ছিল বার্সেলোনার কোচ হিসেবে টিটো ভিলানোভার অভিষেক ম্যাচও। ভিলানোভা তবু নায়ক নন, দুই গোল করা মেসিও নন, নায়ক ডেভিড ভিয়া। গত বছরের ডিসেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ভিয়া। আট মাস পর তাঁর মাঠে নামাটাই ছিল বার্সার জন্য আনন্দসংবাদ। নিজের প্রত্যাবর্তনকে স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাঙিয়েছেন গোল করে। ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৮৩ মিনিটেই পেয়ে যান গোল।কার্লোস পুয়োল, মেসির দুটি এবং পেদ্রোর গোলে অবশ্য প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচ শেষে কোচ ভিলানোভা ভেসেছেন অনেক প্রাপ্তির আনন্দে, ‘আমি নিশ্চিত নই, আমার অভিষেক ম্যাচটাকে কীভাবে মনে রাখব!’রিয়াল মাদ্রিদের অবস্থা ছিল বার্সেলোনার ঠিক উল্টো। ৯ মিনিটেই বার্নাব্যুর দর্শকদের আনন্দে ভাসিয়ে রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু তাঁর এই গোল ৩২ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রিয়াল। ৪১ মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হোনাস। কোচ হোসে মরিনহোর কণ্ঠে ঝরেছে ক্ষোভ, ‘আমরা ভালো খেলতে পারিনি, তবে জেতার জন্য এটাই যথেষ্ট ছিল।’ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হারটাই সবচেয়ে বড় খবর। সদ্য কেনা রবিন ফন পার্সিকে মাঠে নামিয়েও ফার্গুসনের দল সোমবার এভারটনের কাছে হেরেছে ১-০ গোলে। অনেক চেষ্টাচরিত্র করে গত শুক্রবারই দুই কোটি ৪০ লাখ পাউন্ডে পার্সিকে আর্সেনাল থেকে উড়িয়ে এনেছে ইউনাইটেড। কিন্তু ইউনাইটেডে অভিষেকেই তাঁকে পেতে হলো হারের তেতো স্বাদ। অবশ্য ফন পার্সি ৬৮ মিনিটে বদলি হিসেবে নামার ১০ মিনিট আগেই এভারটনের জয়সূচক গোলটি করেন মারোয়ান ফেলানি। কোচ ফার্গুসন হারের দায় চাপিয়েছেন নিজের খেলোয়াড়দের কাঁধেই। ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রেখে সিটি ৩-২ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। কার্লোস তেভেজের গোলে প্রথমে এগিয়ে গেলেও ২-১ গোলে পিছিয়ে পড়েছিল সিটি। এখান থেকেই এডিন জেকো ও সামির নাসরির গোলে মাঠ ছাড়ে জয় নিয়ে। তেভেজ ছিলেন দুর্দান্ত। তবুও কোচ রবার্তো মানচিনির কপালে দুশ্চিন্তার ভাঁজ, হাঁটুতে চোট পেয়েছেন সার্জিও আগুয়েরো। চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন ম্যারাডোনার জামাতা। চেলসি উইগানকে হারিয়েছে ২-০ গোলে। নিজেদের মাঠে ওয়েস্টব্রম লিভারপুলকে হারিয়েছে ৩-০ গোলে। পার্সিকে বেচে তারকাশূন্য আর্সেনাল ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। এএফপি।