বার্সেলোনার দুর্বলতাই আর্সেনালের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার ‘এল ক্লাসিকো’। স্প্যানিশ শিরোপা লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। তার পরও এল ক্লাসিকো আর স্প্যানিশ শিরোপার চিন্তাকে আপাতত বাক্সবন্দী করে শুধু চ্যাম্পিয়নস লিগ নিয়েই ভাবছেন পেপ গার্দিওলা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে আজ ন্যু ক্যাম্পে আসছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দলকে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠার পরিকল্পনা সাজাতে ব্যস্ত বার্সেলোনা কোচ।‘নিঃসন্দেহে আর্সেনালের বিপক্ষে মঙ্গলবারের (আজ) ম্যাচটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বার্নাব্যু ম্যাচের (এল ক্লাসিকো) চেয়ে বেশি’—বলেছেন তিনি। কথার আসল রহস্যটা ব্যাখ্যা করেছেন পরে, ‘আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে মৌসুমের শেষ পর্যন্ত থাকব। তাহলে লিগ এবং চ্যাম্পিয়নস লিগ দুটোই জিততে পারব।’গার্দিওলা সম্ভাবনার কথা সহজে বলে ফেললেও আজকের ম্যাচের জন্য পরিকল্পনাটা মনে হয় সহজেই সাজাতে পারছেন না। দলে যে কার্ড সমস্যা আর চোটের হানা। ২-০-তে এগিয়ে গিয়েও এমিরেটস স্টেডিয়াম থেকে প্রথম লেগে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সা। বলতে গেলে হাতে ওঠা জয়টা ফেলেই এসেছে। আরও ক্ষয় করে এসেছে রক্ষণশক্তি। সেস ফ্যাব্রিগাসকে ফাউল করে লাল কার্ড দেখায় এ ম্যাচে নেই অধিনায়ক ও সেন্ট্রাল ডিফেন্ডার কার্লোস পুয়োল। জেরার্ড পিকে বাইরে দুই হলুদ কার্ডের বেড়াজালে।রক্ষণ নিয়ে গার্দিওলার শিরে সংক্রান্তি। স্প্যানিশ লিগে এই দুই সেন্টার ব্যাক মিলে খেলেছেন ৪০০০ মিনিট। অন্য অনেকের তুলনায় ভুলভ্রান্তিও কম করেছেন। পিকের কথা বলতে হয় বিশেষ করেই। এ মৌসুমের স্প্যানিশ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার পিকে। এমন দুজনের বদলে আজ রক্ষণে দায়িত্ব নেবেন সম্ভবত মৌসুমে বেশির ভাগ সময়েই মাঠের বাইরে থাকা রাফায়েল মার্কেজ আর ভুলে ভরা শিগ্রিনস্কি। চোট কেড়ে নিয়েছে প্রথম লেগের গোল দুটি করা ইব্রাহিমোভিচকে। তবে আক্রমণভাগে অঁরি, বোজান কিরকিচ ও জেফরেন গার্দিওলাকে বিকল্প বাছারও সুযোগ দিচ্ছেন।চোট আছে আর্সেনালেও। ভাঙা ডান পা নিয়ে মৌসুমেরই বাইরে চলে গেছেন প্লে-মেকার সেস ফ্যাব্রিগাস। চোট খেলতে দিচ্ছে না উইলিয়ামস গালাসকেও। আর্সেনাল কোচ ওয়েঙ্গার অবশ্য সুযোগ খুঁজছেন বার্সেলোনার দুর্বলতাকে কাজে লাগানোর। স্ট্রাইকার নিকলাস বেন্টনার যেমন বললেন, ‘যেকোনো দলেরই দুজন সেন্ট্রাল ডিফেন্ডারকে ছাড়া খেলা কঠিন। বিশেষ করে যারা প্রতি সপ্তাহেই খেলে। এটা বার্সেলোনার জন্য ভালো নয়, আমাদের জন্য ভালো।’ বার্সা মিডফিল্ডার সার্জিও বুস্কেট অবশ্য পুয়োল ও পিকের না থাকা বার্সাকেও অদম্য মনে করছেন, ‘এই দলে সবাই খেলতে পারে। বিলবাওয়ের বিপক্ষে সেটা আমরা দেখিয়েছিও। পরিবর্তন হয়ই, তবে পদ্ধতি তো একই।’ পদ্ধতি বার্সার জন্য কতটা ভরসার তা দলের ভেতরের লোকেরাই বলতে পারবেন। পরিসংখ্যান অবশ্য বার্সার পক্ষেই কথা বলে। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত ৪ বার দেখা হয়েছে দুদলের। এর মধ্যে দুটি ম্যাচ হয়েছে ড্র, বাকি দুটিতে জিতেছে বার্সা। আরও দুটি কারণে বার্সা এগিয়ে থাকছে। এক, ম্যাচটি বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। দ্বিতীয়ত, সেমিফাইনালে যেতে বার্সাকে ১-১ বা ২-২ গোলের ড্র করলেই চলবে।পরিসংখ্যান, নিজেদের মাঠ—চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচেও চলে আসছে এ দুটি ব্যাপার। পরিসংখ্যানে সিএসকেএ মস্কোর বিপক্ষে আজকের ম্যাচে প্রশ্নাতীতভাবে ইন্টার মিলান এগিয়ে। দুদলের তিনবারের সাক্ষাতেই জিতেছে সর্বশেষ ১৯৬৫ সালে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরা ইন্টার। প্রথম লেগটাও ১-০ গোলে জেতা আছে তাদের।তবে ইন্টার মিলান কোচ হোসে মরিনহোর যত ভয় আজকের ম্যাচটি মস্কোয় বলে। বরফ-সমস্যার কারণে সেখানে খেলা হয় সিনথেটিক মাঠে। ‘প্লাস্টিকের মাঠে এই প্রথম খেলতে যাচ্ছি আমরা। সিনথেটিক মাঠে অনুশীলনের সময়ও পাইনি। এটাই আমাদের অসুবিধা’—বলেছেন সর্বশেষ ইন্টারের কোচ হোসে মরিনহো। এএফপি।