বার্সেলোনার পর্তুগিজ-পরীক্ষা
আর মাত্র কটা দিন, সামনের সপ্তাহেই বহুল প্রতীক্ষিত সেই এল ক্লাসিকো! তার আগে আজ চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে গিয়ে দাঁড়াতে হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার সামনে। ম্যাচের আগে দুই দল অবশ্য দাঁড়িয়ে আছে বিপরীত মেরুতেই। বার্সেলোনার মাথাব্যথা যখন রক্ষণ, বেনফিকার বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে মাঝমাঠ। চোটের কারণে গত ম্যাচে পুয়োল-পিকের মতো নিয়মিত দুজন ডিফেন্ডার ছিলেন দলের বাইরে। আজকের ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরতে পারেন পুয়োল। ফিরছেন ইনিয়েস্তাও। রক্ষণের কাজটা এখন সামলাতে হচ্ছে ঠেকায় পড়ে ডিফেন্ডার বনে যাওয়া মাচেরানো-সংদের। রক্ষণই এখন বার্সার দুর্ভাবনার মূলে। ভালদেজের গোলবার যেন লখিন্দরের বাসরঘর, যেখানে প্রায়ই হচ্ছে অতর্কিত হামলা। তবে জয়রথ ঠিকই চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি, লা লিগায় ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে। চ্যাম্পিয়নস লিগেও স্পার্তাক মস্কোর সঙ্গে জয় দিয়েই শুরু করেছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ নয়, বার্সা কোচ টিটো ভিলানোভার সব ছক বেনফিকাকে ঘিরেই, ‘এ ম্যাচটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রায় রিয়ালের ম্যাচটার কাছাকাছি। সামনের ম্যাচ নিয়ে ভাবার অবস্থায় আমরা নেই। কারণ প্রতিটি ম্যাচেই আমাদের সেরাটা ঢেলে দিতে হবে। আমাদের এখন বেনফিকার মতো এমন একটা ক্লাবের সঙ্গে খেলতে হবে, চ্যাম্পিয়নস লিগে যারা ভালো করে আসছে।’ স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে অবশ্য বেনফিকার রেকর্ড আশার আলো দেখাতে পারছে না। এর আগে ১২টি ম্যাচেই জিততে পারেনি তারা। মাঝমাঠের কারণে এমনিতেই একটু বেকায়দায় আছেন বেনফিকা কোচ হোর্হে জেসাস। জাভি গার্সিয়া ও অ্যালেক্স উইটজেলদের মতো তুরুপের তাসগুলো ক্লাব ছেড়ে যাওয়ায় একটা পুনর্গঠন-প্রক্রিয়ার ভেতর দিয়েই যেতে হচ্ছে ক্লাবটিকে। ট্রানসিলভ্যানিয়া নাম শুনলে অনেকের গা-ই ছমছম করে উঠতে পারে। ব্রাম স্টোকারের রোমহর্ষক ‘ড্রাকুলার’ জন্ম এখানেই! রোমানিয়ার সেই রক্তপিপাসুদের শহরেই খেলতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ সিএফআর ক্লুজ। কয়েক দিন আগেই নিজেদের মাঠে টটেনহামের কাছে হেরে কিছুটা কোণঠাসা আছে রুনি-পার্সিরা। গ্যালাতাসারাইকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শুরুটা হয়েছে তাদের। গত মৌসুমে দ্বিতীয় রাউন্ডেই উঠতেই ব্যর্থ বলে ইউনাইটেড কোনো ম্যাচই হালকাভাবে নিতে পারে না। স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা, ‘এই ম্যাচে বাচ্চাদের নিয়ে খেলতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা অভিজ্ঞদেরই খেলাব।’ ফাটকা খেলানোর ধার না ধেরে ফার্গি সম্ভবত নির্ভর করবেন পরীক্ষিতদের ওপরেই।চ্যাম্পিয়নস লিগের কুলীন আসরে আনকোরা একটা নাম নরশেলান। ডেনমার্কের এই ক্লাবটির অভিষেক এই মৌসুমেই। প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে হেরেছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরও কঠিন পরীক্ষাই দিতে হবে তাদের, নিজেদের মাঠে হলেও সামনে যে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি! এর আগে কখনো কোনো ডেনিশ ক্লাবের কাছে হারেনি রবার্তো ডি মাত্তেওর দল। তার ওপর কয়েক দিন আগে ডার্বি ম্যাচে হারিয়েছে আর্সেনালকে। চেলসির আত্মবিশ্বাস তুঙ্গে থাকারই কথা। আর্সেনালের ম্যাচে গোল করে ফার্নান্দো তোরেস ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে অস্কার-জাদুর পরও জুভেন্টাসের সঙ্গে ড্র করেছিল, আজ জয়টা খুব করেই চাইছেন ডি মাত্তেও। আর সিরি ‘আ’তে ৪৫ ম্যাচে অপরাজিত জুভেন্টাসের প্রতিপক্ষ গত ২৫ ম্যাচেই জেতা শাখতার। এএফপি, রয়টার্স। আজকের খেলাজুভেন্টাস - শাখতার দোনেৎস্ক নরশেলান - চেলসি ভ্যালেন্সিয়া - লিল বাতে বরিসভ - বায়ার্ন মিউনিখবেনফিকা - বার্সেলোনা স্পার্তাক মস্কো - সেল্টিকক্লুজ- ম্যানচেস্টার ইউনাইটেড গ্যালাতাসারাই - ব্রাগা