বার্সেলোনার পাঁচে মেসির চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে পা দিয়েই গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় ‘২০০তম’ ম্যাচ খেলার রেকর্ড। আর এই উপলক্ষকে পরশু লিওনেল মেসি যেন স্মরণীয় করে রাখলেন জাদুর পরশ বুলিয়ে! আর্জেন্টাইন খুদে জাদুকর একাই করলেন ৪ গোল। প্রথমে পিছিয়ে পড়েও বার্সেলোনা মাঠ ছাড়ল ৫-১ গোলের জয় নিয়ে। গোলরক্ষক দিয়েগো আলভেজ শুধু মেসিকেই আরও দুবার গোলবঞ্চিত না করলে ভ্যালেন্সিয়াকে ডুবতে হয় আরও বড় পরাজয়ের লজ্জায়। তৃতীয় স্থানের দল ভ্যালেন্সিয়ার মতো কঠিন প্রতিপক্ষ বলেই নয়, ম্যাচটা বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ ছিল নিজেদের দূরতর আশাটি বাঁচিয়ে রাখার প্রশ্নেও।রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে থেকেও যে বার্সেলোনা এখনো শিরোপার দাবি জানাচ্ছে মৃদুস্বরে, এ ম্যাচে হোঁচট খেলে সেটি থাকত না! আগের দিন রিয়াল রেসিং সান্তান্দারকে ৪-০ গোলে হারানোয় এ ম্যাচে হারলে ১৩ পয়েন্ট আর ড্র করলে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ত বার্সেলোনা। সে ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপা জয়ের আগাম দর্শকে পরিণত হতো পেপ গার্দিওলার দল।সে রকমই যেন আভাস মিলছিল শুরুতে। খেলার ৯ মিনিটেই পাবলো পিয়াত্তির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়াই। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানেই দুই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। প্রথম গোল ২২ মিনিটে। ভ্যালেন্সিয়া ডিফেন্ডার আদিল রামি বাঁ প্রান্ত থেকে পেদ্রোর ক্রসটি রুখতে ব্যর্থ হলে মেসি দুরূহ কোণ থেকে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দেন বল (১-১)। ২৭ মিনিটে আবারও গোল। এরিক আবিদালের ক্রস থেকে মেসির প্রথম শটটি অবশ্য ঠেকিয়ে দেন আলভেজ। কিন্তু মেসির ফিরতি শটটি আর ঠেকানোর সাধ্য ছিল না তাঁর (২-১)।বার্সেলোনা তৃতীয় গোল পায় ৭৬ মিনিটে। পেদ্রোর বদলি তেল্লোর শট ফিরিয়েও গোল ঠেকাতে পারেননি আলভেজ, ফিরতি বলে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। চলতি লিগে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক, মৌসুমে সব মিলিয়ে ষষ্ঠ। ৯ মিনিট পর প্রায় একক নৈপুণ্যে আবারও মেসির গোল। চার গোল করে আর্জেন্টাইন তারকা তপ্ত নিঃশ্বাস ফেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ঘাড়ে। লিগে সর্বোচ্চ ২৮ গোল রিয়ালের পর্তুগিজ তারকার। ২৭ হলো মেসির, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪২। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বার্সেলোনার পঞ্চম গোলটি করেন বদলি নামা জাভি। এই জয়ে ২৩ ম্যাচে বার্সেলোনার হলো ৫১ পয়েন্ট। কিন্তু সমান ম্যাচে রিয়ালের ৬১, আর ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া তৃতীয় স্থানে।ম্যাচ শেষে মেসির কণ্ঠে থাকল দলীয় সংহতিরই জয়গান, ‘দুর্দান্ত এক ম্যাচ খেলল দল। এই সপ্তাহে জার্মানিতে যেমন ভালো খেলেছে, আবারও ও রকম ভালো খেলাটা ছিল গুরুত্বপূর্ণ। কারণ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টা আসছে। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’দুর্দান্ত এই জয় পেয়েও কোচ গার্দিওলা তৃপ্ত হতে পারছেন কোথায়? শিরোপা ধরে রাখতে হলে এখনো যে প্রায় পাহাড় ডিঙাতে হবে। বার্সেলোনা কোচ তাই বললেন, ‘আমরা ১০ পয়েন্টে পিছিয়ে। তবে সত্যি বলতে কি মৌসুমে আমরা যেভাবে খেলেছি তাতে আমি মনে করি না, আমাদের ১০ পয়েন্টে পিছিয়ে থাকাটা ন্যায্য। আমাদের এতটা পিছিয়ে পড়ার পেছনে অনেক কারণই আছে। এতগুলো পয়েন্টের ব্যবধান পুষিয়ে নেওয়াটা কঠিন। কিন্তু এখনো তিন মাস বাকি। লড়াইয়ে থাকার চেষ্টাটা করে যেতে হবে, যেমনটা আজ করেছি।’পরশু আট গোলের রোমাঞ্চকর ম্যাচে লেভান্তেকে ৫-৩ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানো। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ এই ভায়েকানোর বিপক্ষেই। এএফপি, রয়টার্স।