বার্সেলোনার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকের গোলটা ঠেকাতে গিয়ে বার্সা গোলরক্ষক পিন্টো নিজেই জড়িয়ে গেলেন জালে। চ্যাম্পিয়নস লিগে এবারের অভিযানও এখানেই শেষ বার্সার ।  রয়টার্স
অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকের গোলটা ঠেকাতে গিয়ে বার্সা গোলরক্ষক পিন্টো নিজেই জড়িয়ে গেলেন জালে। চ্যাম্পিয়নস লিগে এবারের অভিযানও এখানেই শেষ বার্সার । রয়টার্স

চাইলে ডিয়েগো সিমিওনে এখন একটা বই লিখতে পারেন। সে বইয়ের নাম হতে পারে—‘বার্সেলোনার কাছে না হারার গোপন সূত্র’ অথবা ‘মেসিকে আটকানোর কৌশল।’ দেশে আর ইউরোপে মিলিয়ে এই মৌসুমে পাঁচবার বার্সেলোনার সঙ্গে দেখা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। সিমিওনের দল হারেনি একবারও, উল্টো জিতল এবার। দুই দলের সর্বশেষ ছয় ম্যাচের একটিতেও গোল করতে পারেননি লিওনেল মেসি!
এই মৌসুমে কখনো হারাতে পারেনি বলে হয়তো অল্পবিস্তর আফসোস ছিল, তবে খুব বড় মূল্য এর আগে দিতে হয়নি বার্সেলোনাকে। দিতে হলো পরশু রাতে। অ্যাটলেটিকোর কাছে একমাত্র হারটাই বার্সেলোনা সমর্থকদের হূদয়ে রক্তক্ষরণ ঘটাল। ফিরতি লেগে কোকের একমাত্র গোলে পাওয়া জয়, দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ৪০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে টানা ছয় বার সেমিফাইনাল খেলা বার্সেলোনার এবারের পথচলা থেমে গেল কোয়ার্টার ফাইনালেই।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনাতেও রক্তক্ষরণ হলো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদেরও। প্রথম লেগের মতো ফিরতি লেগেও বায়ার্ন মিউনিখের জালে প্রথমে গোল দিয়ে ইউনাইটেড জ্বালিয়েছিল আশার প্রদীপ। ৫৭ মিনিটে প্যাট্রিস এভরার দুর্দান্ত শটে এগিয়ে গিয়ে মনে করিয়ে দিচ্ছিল আগের রাতে আরেক ইংলিশ ক্লাব চেলসির দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পটা। কিন্তু দুই মিনিটের মধ্যে মারিও মানজুকিচের সমতা ফেরানো গোল, তারপর টমাস মুলারের ও আরিয়েন রোবেনের আরও দুই গোলে বায়ার্ন শেষ পর্যন্ত জিতল ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতে শেষ চারের টিকিট পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

রোবেনের গোলে নিশ্চিত হলো জয়। বায়ার্নের ডাচ উইঙ্গারের উদ্যাপনে সঙ্গী রিবেরি ।  এএফপি
রোবেনের গোলে নিশ্চিত হলো জয়। বায়ার্নের ডাচ উইঙ্গারের উদ্যাপনে সঙ্গী রিবেরি । এএফপি

বার্সেলোনার হারের কারণ খুঁজতে গিয়ে স্প্যানিশ একটা টেলিভিশন চমকপ্রদ পরিসংখ্যান দিয়েছে। পরশু পুরো ম্যাচে মেসি দৌড়েছেন ৬.৮ কিলোমিটার, বার্সেলোনার ৩৯ বছর বয়সী গোলরক্ষক পিন্টোর চেয়ে মাত্র ১.৫ কিলোমিটার বেশি! বোঝাই যাচ্ছে মেসিকে কতটা কড়া পাহারায় রেখেছিলেন সিমিওনের ছাত্ররা। গোল করার দুটি খুব ভালো সুযোগ পেয়েছিলেন প্রথমার্ধে, কিন্তু দুবারই ব্যর্থ আর্জেন্টাইন ফরোয়ার্ড! এদিকে তিনি দলের সেরা খেলোয়াড় হয়েও কিছুই করতে পারেননি, ওদিকে অ্যাটলেটিকো জিতল তাদের সেরা খেলোয়াড় ডিয়েগো কস্তাকে ছাড়াই। তবে বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো মেসির ব্যর্থতা নয়, বড় করে দেখছেন অ্যাটলেটিকোর কৃতিত্বই, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি ওরা সেভাবে খেলতে দেয়নি। আমরা টানা চার-পাঁচটা পাস দিতে পারছিলাম না। সাধারণত আমরা বলের ওপর আরও নিয়ন্ত্রণ রেখে খেলি, আজ সেটা করতে পারিনি।’ বার্সেলোনাকে টিকি-টাকা খেলতে না দেওয়াটা সাফল্যের একটা কারণ বলে মনে করেন সিমিওনেও। তবে জয়ে সমর্থকদের অবদানকেও স্বীকৃতি দিচ্ছেন, ‘আজ গ্যালারিটাও দুর্দান্ত ছিল। বার্সেলোনার জন্য হয়তো এটা কিছুই না, কারণ ওরা এ রকম পরিবেশ দেখে অভ্যস্ত। কিন্তু আমাদের খেলোয়াড়েরা এ থেকে দারুণ উৎসাহ পেয়েছে।’ ভবিষ্যতেও তাই সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন ম্যাচের একমাত্র গোলদাতা কোকে, ‘আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা সমর্থকদের স্বপ্ন দেখিয়ে যেতে চাই।’
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে বায়ার্নও। সে পথে আরেকটু এগিয়ে যাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত বায়ার্ন কোচ পেপ গার্দিওলা, ‘আমি আমার দল নিয়ে গর্বিত। আজ ছেলেরা হূদয় দিয়ে খেলেছে। যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে উঠেছে।’ কৃতিত্বটা বায়ার্নকে দিতে ভোলেননি ইউনাইটেড কোচ ডেভিড ময়েসও। তাই বলে নিজের ছাত্রদের নিয়ে একেবারে হতাশ নন তিনি, ‘বায়ার্নের কাছে হেরে বিদায় নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। তারা দারুণ দল। তবে আমরাও খুবই ভালো খেলেছি এবং আমাদের সামর্থ্য দেখিয়েছি।’ ওয়েবসাইট।