বার্সেলোনার মিশন লা লিগা
গত বুধবারের ‘এল ক্লাসিকো’র উত্তেজনা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুই দলই পরস্পরের বিপক্ষে অভিযোগ নিয়ে হাজির হচ্ছে উয়েফার কাছে। এরই মধ্যে চলছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ অর্থাৎ ‘এল ক্লাসিকো’ ধারাবাহিকের শেষ পর্বের ভাবনা। তবে আগামী মঙ্গলবারের ওই ম্যাচ নয়, বার্সেলোনা-রিয়ালের দৃষ্টি এখন লিগে। লা লিগায় আজ দুই দলেরই ম্যাচ।নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আরেক রিয়াল, রিয়াল জারাগোজা। প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে লিগে টানা হ্যাটট্রিক শিরোপার পথে রয়েছে বার্সেলোনা। শিরোপার দাবিটা আরও সংশয়হীন করার আশায় পেপ গার্দিওলার দল আজ উড়ে যাচ্ছে রিয়াল সোসিয়েদাদের মাঠে।ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান আজ নয়, মাঠে নামছে আগামীকাল। তবে শিরোপা লড়াইয়ে শেষ মুহূর্তের উত্তেজনা বাড়ানোর আশায় আজ ইংল্যান্ডে যেমন মাঠে নামছে চেলসি, সিরি ‘আ’তে নামছে ইন্টার মিলান, নাপোলি। চেলসি নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলবে পঞ্চম স্থানে থাকা টটেনহাম হটস্পারের বিপক্ষে। ইতালিতে ইন্টার মিলান খেলবে সেসেনার সঙ্গে, নিজেদের মাঠে নাপোলির সামনে জেনোয়া।এমনিতে সোসিয়েদাদ পয়েন্ট তালিকায় ১২ নম্বরে। তার ওপর বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয়ে এক পা ফাইনালে দিয়ে রাখা বার্সেলোনা মানসিকভাবেও চাঙা। যে আত্মবিশ্বাস বার্সা কোচকে রাখছে নির্ভার। বুধবারের ক্লাসিকোতে দুটি গোলই করা লিওনেল মেসিকে আজ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গার্দিওলা।এল ক্লাসিকোর আগে এই মৌসুমে ৫২, লিগে ৩১ গোল করা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন বার্সা কোচ। শিরোপার সঙ্গে একটা রেকর্ডের পথেও এগিয়ে যাচ্ছে গার্দিওলার দল। ৩৩ ম্যাচ শেষেই তাদের পয়েন্ট ৮৮। বাকি ৫ ম্যাচে আর ১২ পয়েন্ট হলেই লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতার রেকর্ড গড়বে তারা। বর্তমানেও রেকর্ডটি তাদেরই। গত মৌসুমেই শিরোপা জিতেছিল ৯৯ পয়েন্ট নিয়ে।রিয়ালের লক্ষ্য বুধবারের হারের যন্ত্রণা উপশম করা। জিতলে নিবু নিবু হলেও শিরোপা আশাটাও বেঁচে থাকে। আর যন্ত্রণা উপশম, লড়াইয়ে টিকে থাকা জয়ের আশায় মরিনহো কাকা, গঞ্জালো হিগুয়েইন, করিম বেনজেমাকে একাদশে ফিরিয়ে বিশ্রাম দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।জিতলে বেঁচে থাকবে ইন্টার মিলান, নাপোলির শিরোপার আশাও। কিন্তু যদি হারে? মাঠে নেমে বোলোনিয়ার বিপক্ষে জিতলেই ১৮তম লিগ শিরোপা ধরে ফেলবে এসি মিলান। ওদিকে ইংলিশ লিগের শীর্ষে থাকা ম্যানইউকে চাপে ফেলতে হলে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা চেলসির আজ জয় ভিন্ন বিকল্প পথ নেই। অ্যালেক্স ফার্গুসনের স্বস্তি, চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে টটেনহামও মরণকামড় দেওয়ার পরিকল্পনা করেই নামছে। চেলসির আরেকটা স্বস্তি, কাল ম্যানইউর ম্যাচটি আর্সেনালের বিপক্ষে। এএফপি।