বার্সেলোনার সঙ্গে তুলনা করবেন না: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার জার্সি গায়ে ভালো খেলতে পারেন না, পুরোনো এ বদনামটা এখনো ঘোচাতে পারেননি লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে একের পর এক গোল করে গেলেও কোপা আমেরিকার প্রথম দইটি ম্যাচে একেবারেই নিষ্প্রভ হয়ে ছিলেন ফিফা বর্ষসেরা এ ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর তো আর্জেন্টাইন সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাঁকে। তৃতীয় ম্যাচে অবশ্য কোস্টারিকা বিপক্ষে কিছুটা ছন্দে ফিরে ১৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে আর্জেন্টিনার সঙ্গে বার্সেলোনার তুলনা করাটা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি।প্রথম দুই ম্যাচে বাজে পারফরমেন্সের পর রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গেছে মেসির ওপর দিয়ে। জাতীয় দলের চেয়ে ক্লাব ফুটবল খেলাতেই তাঁর বেশি আগ্রহ এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। তবে এগুলো একেবারেই পাত্তা দিচ্ছেন না মেসি। তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যমগুলোতে আমাকে নিয়ে কী বলা হলো, সেটা নিয়ে আমি কখনো ভাবিনি। বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার এ দলের তুলনা করা খুবই বড় একটা ভুল। বার্সায় আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি। জাতীয় দলেও আমরা সে রকমটাই করার চেষ্টা করছি। কিন্তু দুই দলের তুলনা করাটা ঠিক না।’তবে এগুলো যতই বলুন না কেন, সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যে আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা মেসিকে জিততেই হবে, সেটা সম্ভবত তিনিও বেশ ভালোই বুঝতে পারছেন। বলেছেন, ‘আর্জেন্টিনার এখন একটা শিরোপা দরকার। আমাদের অনেক দিন কোনো কিছু জেতা হয়নি।’ এখন মেসি ১৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপাটা এনে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। রয়টার্স।