বার্সেলোনায় আলবা
ভ্যালেন্সিয়ার হয়ে মাত্রই কাটিয়ে এসেছেন দুর্দান্ত এক মৌসুম। সেটারই পুরস্কার ইউরোর স্পেন দলে সুযোগ। সুযোগটা হেলায় হারাননি, এবারের ইউরোতে ঔজ্জ্বল্য ছড়ানো তারকাদেরই একজন তিনি। ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবের চোখ ছিল তাঁর ওপর। তবে বার্সেলোনাই স্পেনের লেফটব্যাক জর্ডি আলবাকে পাচ্ছে। ভ্যালেন্সিয়া ছেড়ে আগামী মৌসুমে ন্যু ক্যাম্পকেই ঠিকানা বানাচ্ছেন ২৩ বছর বয়সী আলবা। গতকাল বার্সেলোনার ওয়েবসাইটে খবরটা নিশ্চিত করা হয়েছে। সামনের সপ্তাহেই ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় সর্বসমক্ষে। পাঁচ বছরের চুক্তিতে আলবাকে কিনতে বার্সাকে ১৪ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে। ২৩ বছর বয়সী আলবার অকুণ্ঠ প্রশংসাই করা হয়েছে ক্লাবের ওয়েবসাইটে, ‘সে তরুণ ও দারুণ ক্ষিপ্র। বাঁ প্রান্ত দিয়ে তার গতি ও দক্ষতার জন্য সে ইউরোতে মাঠ মাতানোদের একজন।’ দলবদলের বাজারে নতুন কোচ টিটো ভিলানোভার প্রথম শিকার আলবা। তাঁর নাড়িটা পোতা কাতালুনিয়াতেই, বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় প্রশিক্ষণও নিয়েছিলেন। এএফপি।