বার্সেলোনায় খেলার স্বপ্ন সিলভার
নেইমারের পথে হাঁটতে চাইছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। চোখে বার্সেলোনায় খেলার স্বপ্ন। কিন্তু নিজে থেকে আগ্রহ দেখালে সিলভার এখনকার ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই যদি খেপে যায়? ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক তাই খুব সাবধানী। বার্সেলোনায় খেলার ইচ্ছের কথা যেমন বলছেন, তেমনি এটাও জানিয়ে রাখছেন, পিএসজিতেও সুখেই আছেন তিনি। সেন্টার ব্যাক কার্লোস পুয়োলের বিকল্প খুঁজছে বার্সেলোনা। তাদের পছন্দের তালিকায় আছেন পিএসজির থিয়াগো সিলভা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে খেলার স্বপ্ন সিলভারও। কিন্তু পিএসজির সঙ্গে তাঁর চুক্তিটা জুন ২০১৭ পর্যন্ত। ক্লাব না চাইলে স্বপ্নপূরণ হবে না ব্রাজিল ডিফেন্ডারের। ব্রাজিলিয়ান ক্রীড়া দৈনিক গ্লোবো এস্পোর্তেতে দেওয়া সাক্ষাৎকারে সিলভা তাই কথা বললেন খুব সতর্কভাবে, ‘বার্সেলোনায় খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। আমি সব সময় চেয়েছি ইউরোপের বড় কোনো ক্লাবের হয়ে খেলতে। যদিও পিএসজিতে এখন বেশ ভালোই আছি।’ সরাসরি না বললেও তাঁর কথায় অবশ্য বোঝা যাচ্ছে, থিয়াগো চাইছেন বার্সেলোনা থেকে যেন আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় পিএসজিকে, ‘আমি আমার এজেন্টকে বলেছি নির্দিষ্ট কোনো প্রস্তাব না আসা পর্যন্ত বেশি আগ্রহ না দেখাতে। এটা খেলা থেকে মনোযোগ সরিয়ে নেয়।’ ওয়েবসাইট।