বার্সেলোনায় তিন সাঁতারুর প্রত্যাশা
বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছেন মাহফুজা আক্তার, মাহফিজুর রহমান (সাগর) ও অনীক ইসলাম। পদক পাওয়ার স্বপ্ন নয়, বিশ্বসেরা সাঁতারুদের কাছ থেকে কিছু শিখবেন, নিজেদের সেরা টাইমিং করবেন—অভিন্ন এই লক্ষ্য নিয়েই সাঁতারের বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছেন তাঁরা। মাহফুজা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে, অনীক ৫০ মিটার বাটারফ্লাইয়ে এবং মাহফিজুর ৫০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতরাবেন।সাংহাইয়ে সর্বশেষ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ভালো করায় সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন মাহফিজুর রহমান। তাঁর এবারের লক্ষ্য, ‘অন্তত সেমিফাইনালে যাওয়া।’ গত বাংলাদেশ গেমসে মাহফিজুর হয়েছিলেন সেরা সাঁতারু। প্রিয় ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইলে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছিলেন (২৪.৪২ সেকেন্ড)। বার্সেলোনাতে এর চেয়ে ভালো সময় করতে চান, ‘অবশ্যই আমি আমার সেরা টাইমিং করতে চাই।’ আর বাংলাদেশ গেমসে মাহফুজা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন ৩৬.০৪ সেকেন্ড সময় নিয়ে। তাঁর সেরা টাইমিং ছিল গত এসএ গেমসে (৩৪.৪৩ সেকেন্ড)। শ্রীলঙ্কার নাতাশা করুনারত্নের কাছে মাইক্রোসেকেন্ডের ব্যবধানে হেরে রুপা জিতেছিলেন মাহফুজা। মাহফুজাও বার্সেলোনায় এসএ গেমসের ওই সময়টা টপকাতে চান।