বার্সেলোনায় নাদালের হার!

এ কী দুর্দশা লাল দুর্গের রাজার! পতন হলো যে আরেকটি দুর্গের!
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে স্বদেশি ডেভিড ফেরারের কাছে হারের ক্ষতটা শুকাতে না শুকাতেই আবারও হেরেছেন রাফায়েল নাদাল। এবারের নাদাল-হন্তারকও এক স্প্যানিশ, নিকোলাস আলমাগ্রো। টুর্নামেন্টের নাম বার্সেলোনা ওপেন—নাদালের অভেদ্য দুর্গ। বার্সেলোনায় সর্বশেষ কবে হেরেছেন, সেটা এত দিন ইতিহাস ঘেঁটেই বের করতে হতো। ২০০৩ সালে ১৫ বছর বয়সী নাদালকে সর্বশেষ হারতে দেখা বার্সেলোনা পরশু পেল ভুলে যাওয়া এক তিক্ত স্বাদ। টিটো ভিলানোভার প্রয়াণের দিনেই আটবারের চ্যাম্পিয়নের টানা ৪১ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়ল। কোয়ার্টার ফাইনালের লড়াইটা ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে জিতলেন আলমাগ্রো। নাদালের বিপক্ষে ১১ বারের চেষ্টায় এবারই প্রথম জিতে কোর্ট ছাড়লেন ২৮ বছর বয়সী আলমাগ্রো।
ফ্রেঞ্চ ওপেন শুরু হতে এক মাসও বাকি নেই। এর আগে পরপর দুটি পরাজয় নাদালের মনে দুশ্চিন্তা ছড়িয়ে দেওয়ারই কথা। কিন্তু নাদাল যে অন্য শোকে কাতর। ভিলানোভার অকালমৃত্যুর কাছে একটা টেনিস ম্যাচে হার যে নিতান্তই তুচ্ছ, সেটাই মনে করিয়ে দিলেন, ‘হারটা কোনো ঘটনাই না, ঘটনা হলো টিটো ভিলানোভার মৃত্যু। তাঁর স্মৃতিগুলোই আমাদের সঙ্গে থাকবে। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছি।’ এএফপি।