বার্সেলোনায় মানানসই নন নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের খেলার ধরন বার্সার সঙ্গে মানায় না বলেই মনে করেন দুঙ্গা
নেইমারের খেলার ধরন বার্সার সঙ্গে মানায় না বলেই মনে করেন দুঙ্গা

নেইমার নিজে বলেছিলেন, তাঁর খেলার ধরনের সঙ্গে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনাই বেশি খাপ খায়। রিয়ালের শত-কোটি ইউরোর প্রলোভন উপেক্ষা করার এ-ও একটা কারণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বার্সায় এসে নিজেকে যেন হারিয়ে ফেললেন ব্রাজিলের বিস্ময়। অথচ বার্সায় আসার আগে জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন কনফেডারেশনস কাপে। মৌসুম শেষে বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন।

সমস্যাটা তাহলে কোথায়? কার্লোস দুঙ্গা মনে করেন, নেইমার আসলে বেছে নিয়েছেন ভুল ঠিকানা। বার্সেলোনার ওয়ান-টাচ ফুটবলের সঙ্গে নেইমারের খেলার ধরন মানায় না। স্প্যানিশ লিগে ২৬ ম্যাচ খেলে ৯ গোলের এই পরিসংখ্যান যেন দুঙ্গার মতের পক্ষেই জোরালো সমর্থন দিচ্ছে।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, ‘ব্রাজিলের জন্য নেইমার খুবই গুরুত্বপূর্ণ। ও মনোযোগ ধরে রেখে দুর্দান্ত খেলছে। গোলও করছে। ওর মাপের খেলোয়াড়ের জন্য শুধু ভালো খেলা বা সুযোগ তৈরি করা নয়, গোল করাও সমান গুরুত্বপূর্ণ। ব্রাজিলের নেইমারের সঙ্গে বার্সার নেইমারের অনেক পার্থক্য। নেইমার বল ড্রিবল করে খেলে আক্রমণে যেতে ভালোবাসে। কিন্তু বার্সা খেলে ওয়ান-টাচ ফুটবল। জাতীয় দলে নেইমার খেলার স্বাধীনতাটা পায়। ওর ভেতরের সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারে।’

ব্রাজিলের খেলা নিয়েও সন্তুষ্ট নন গত বিশ্বকাপে দলের কোচের দায়িত্ব পালন করা দুঙ্গা, ‘ব্রাজিল জিতছে, কোয়ার্টার ফাইনালেও গেছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। যে ব্রাজিলকে আমরা চিনি, তার দেখা এখনো মেলেনি। এখনো উন্নতির সুযোগ আছে।’