বার্নাব্যুতে ২-১ গোলে জয়ের সুবাদে সার্বিকভাবে ৪-৩ গোলে সেমিতে বার্সেলোনা‘আমরা খুব কাছাকাছি এসে গেছি।’বক্তা জাভি আলোনসো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এ কথা বললেন ম্যাচ শেষে। কাছাকাছি গেছে, তবে বার্সেলোনাকে ছাপিয়ে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে পরশু রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ড্র করেছে ২-২ গোলে। এটি ছিল দ্বিতীয় লেগ, আর আগের সপ্তাহে প্রথম লেগটা ২-১ গোলে জিতে থাকায় সেমিফাইনালে উঠে গেল বার্সেলোনা। সেখানে ভ্যালেন্সিয়া অথবা লেভান্তের জন্যই তাদের অপেক্ষা।গতবারের ফাইনালে রোনালদোর অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রে জিতেছিল রিয়াল, যেটি বার্নাব্যুতে আসার পর কোচ হোসে মরিনহোর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র শিরোপা। শেষ আটে ফাইনালের প্রতিশোধ হয় না। তবে এ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের একটি শিরোপা জয়ের রাস্তা অন্তত বন্ধ করে দিল বার্সেলোনা। আর এল ক্লাসিকোতে নিজেদের অহংকারও মলিন হতে দিল না। ২০০৮-এ ক্লাবের দায়িত্ব নেওয়ার পর এল ক্লাসিকোতে পেপ গার্দিওলা-রূপকথা চলছেই। বার্সার অনুকূলে পরিসংখ্যান দাঁড়াল—১৪ ম্যাচ, ৯ জয়, ৪ ড্র, ১ হার।এই ড্র ম্যাচেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ পরাজয়ের সঙ্গে পেপে-কাণ্ড নিয়ে কম ভুগতে হয়নি রিয়ালকে। সেখান থেকে এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরানো, এমনকি পরে বার্সাকে হারের শঙ্কায় কাঁপিয়ে দেওয়া, দলের দৃঢ় মানসিকতাকেই তুলে ধরে। তাই আলোনসো কোপা ডেল রে থেকে বিদায়ের হতাশা নিয়েও বলতে পারছেন, ‘আমরা গর্বিত।’তবে ন্যু ক্যাম্পে প্রায় এক লাখ দর্শকের সামনে এদিন রিয়াল মাদ্রিদই ছিল উজ্জ্বল, যদিও প্রথমার্ধেই খায় দুই গোল। ৪৩ মিনিটে গোল করেন পেদ্রো, আর বিরতির আগে ২-০ করেন বার্সার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেজ। বোবা স্কোর লাইন কখনো কোনো দলের দাপটটা ঠিকঠাক বোঝাতে পারে না। এ ম্যাচে জেতা উচিত ছিল রিয়ালেরই। বল মাঠে গড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই গঞ্জালো হিগুয়েইন দানি আলভেজের ভুলে গোলের সামনে বল পেয়েও মেরেছেন বাইরে। কয়েক মিনিট পর আবারও হিগুয়েইনের মিস। মাঝমাঠে মেসুত ওজিলের দুর্দান্ত দৌড় থামাতে রীতিমতো হাবুডুবু খেতে হয়েছে বার্সাকে। ওজিলেরই ৩৫ গজি আচানক শট ক্রসবারে না লাগলে রিয়ালই এগিয়ে যায় প্রথম। অথচ ৪৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বার্সা। রিয়ালের রক্ষণ লিওনেল মেসিকে আটকাতে ব্যস্ত থাকায় জায়গা পেয়ে যান পেদ্রো। ওই পেদ্রোরই দুর্বল এক শটে বার্সার প্রথম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানি আলভেজের আচমকা ‘গোলা’য় বার্সা ২-০ করে নেওয়ায় মনে হয়েছিল, আরেকটি এল ক্লাসিকোও তাদের হতে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াল ছিল আরও প্রত্যয়ী, দুর্দান্ত। কিন্তু এর পুরস্কার মেলে ২৩ মিনিট অপেক্ষার পর। গোল করেন রিয়ালকে গত কোপা ডেল রে জেতানো ক্রিস্টিয়ানো রোনালদো। ৪ মিনিট পর, ৭২ মিনিটে বার্সাকে আরও কাঁপিয়ে দেয় বদলি স্ট্রাইকার করিম বেনজেমার গোল। তবে এরপর ম্যাচে মেলে দুই দলের খেলোয়াড়দের উত্তেজনার আগুন, রেফারির কল্যাণে হলুদ-লাল রংও। বাকি ১৮টি মিনিট দাঁতে দাঁত চেপে পার করতে হয়েছে গার্দিওলার দলকে। ৮৮ মিনিটে রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসের দ্বিতীয় হলুদ কার্ড দেখাটাও কাজে লেগেছে বার্সার। ম্যাচ শেষে গার্দিওলার মুখে আত্মসমালোচনাও ছিল, বেশি ছিল উচ্ছ্বাসই, ‘বার্নাব্যুতে আমরাই ভালো খেলেছি, আজ (বুধবার) ততটা নয়। কিন্তু আমরা এটি জিতেছি। এখন আমাদের উপভোগ ও উদ্যাপনের সময়।’আরেক দিক দিয়ে সেমিফাইনালে উঠে গেছে অ্যাথলেটিক বিলবাও। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে তাদের সার্বিক জয় ৩-০ ব্যবধানে। এএফপি, রয়টার্স।