বার্সেলোনায় সমস্যার পাহাড়
বার্সেলোনায় এখন সমস্যা আর সমস্যা। জ্লাতান ইব্রাহিমোভিচ ও কোচ পেপ গার্দিওলার সমস্যা নিষেধাজ্ঞা। সমস্যা থিয়েরি অঁরির ফর্ম নিয়েও। আগামী পরশু স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনাকে ভাবতে হচ্ছে এসব নিয়ে।গত শনিবার স্প্যানিশ লিগে আলমেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। সেই ম্যাচেই সরাসরি লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইব্রাহিমোভিচ। ডাগআউটে সহকারী রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ গার্দিওলাও। পরে তাঁকে খেলা দেখতে হয়েছে গ্যালারিতে গিয়ে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরের ম্যাচেও তাঁকে দর্শক হয়ে খেলা দেখতে হবে গ্যালারিতে। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ। তবে বার্সেলোনা দুটি নিষেধাজ্ঞার বিরুদ্ধেই আপিল করেছে।বার্সেলোনার এই আবেদনে স্প্যানিশ লিগ কর্তাদের সাড়া না দেওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আক্রমণভাগ নিয়ে বিশেষ করে ভাবতে হচ্ছে তাদের। কারণ ইব্রাহিমোভিচের যোগ্যতম বিকল্প যিনি হতে পারতেন, সেই ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ফর্মে নেই। আবার চোটও পেয়েছেন তিনি। সব মিলিয়ে আগামী পরশু তাঁর খেলাটা নিশ্চিত নয়। এর আগে কোচ গার্দিওলাই অঁরিকে নিয়ে বলেছিলেন—ওকে ভালো করার সেই আগের ক্ষুধাটা ফিরে পেতে হবে সবার আগে।ভালো করার ক্ষুধা ফিরে পেতে হবে বার্সেলোনাকেও। যেটা গত বছর খুব ছিল স্প্যানিশ এ ক্লাবটির মধ্যে। এবার তো বার্সেলোনাকে ঘিরে প্রশ্নই উঠে গেছে—কোথায় গেল বার্সার সেই ভিনগ্রহের ফুটবল? যে ফুটবল বার্সেলোনাকে গত বছরে এনে দিয়েছিল ৬টি শিরোপা, ঐতিহাসিক ত্রিমুকুট। কিছুদিন ধরে ওঠা এই প্রশ্নটা আরও ভিত্তি পেল গত শনিবার লা লিগায় আলমেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর। বার্সা কি পারবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সবকিছুর উত্তর দিতে? ওয়েবসাইট।