বালাক অধিনায়কত্ব ফিরে পাবেন: জোয়াকিম লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জার্মানির অধিনায়কত্ব ফিরে পাওয়ার আশার বাণী শুনলেন মাইকেল বালাক। আজ বুধবার কোচ জোয়াকিম লো জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে সেরা ফর্ম নিয়ে দলে ফিরলে পুনরায় তাঁকে দেওয়া হতে পারে অধিনায়কত্বের বাহুবন্ধনী। আর এ বিষয়ে অক্টোবর মাসেই সিদ্ধান্ত নেবেন লো। পুরোপুরি ফিট হতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে জার্মানির এই মিডফিল্ডারের। তাই বালাক মাঠে না আসা পর্যন্ত ফিলিপ লামই থাকবেন জার্মানি অধিনায়ক।জোয়াকিম লো বলেন, ‘আমি তাঁর ওপর আবারও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে, ইনজুরির কারণে তাঁর পারফরম্যান্স ততটা ভালো নয়। তা ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো পুরোপুরি সমর্থও নয়। তাই আমি অক্টোবর পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ এদিকে জার্মান ক্লাব লেভেরকুসেনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও প্রস্তুতির অভাবে জার্মানির হয়ে ২০১২ ইউরো কাপ বাছাইপর্বে খেলতে পারছেন না বালাক। আগামী শুক্রবার বেলজিয়াম ও ৭ সেপ্টেম্বর আজারবাইজানের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে জার্মানি। তবে, কোচের আশা, লেভেরকুসেনে নিজের সেরা ফর্ম নিয়েই জার্মান দলে ফিরে আসবেন বালাক।’এদিকে বালাক ফিরে আসলেও অধিনায়কত্ব না ছাড়ার পক্ষে ফিলিপ লাম অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। রয়টার্স