বালাক নেই লোর খাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বিশ্বকাপের আগে গোড়ালির ইনজুরিটা রীতিমতো ধ্বংসই করে দিল মাইকেল বালাকের আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘদিন ধরে দলে ফেরা না-ফেরা নিয়ে সংশয়ে থাকার পর এবার ক্যারিয়ার সমাপ্তির খবরটাই পেয়ে গেলেন এই জার্মান মিডফিল্ডার। বালাককে নিয়ে আর নতুন করে কিছু ভাবছেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন কোচ জোয়াকিম লো।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে লো বলেছেন, ‘কয়েক মাস ধরে তরুণ ফুটবলাররা খুব ভালো খেলছে। আর তারা আরও ভালো করার সম্ভাবনাও জাগিয়েছে। মাইকেলের সঙ্গে আমি অনেকবার কথা বলেছি। আর এখন আমার মনে হচ্ছে, তাকে বিদায় বলে দেওয়ার এটাই উপযুক্ত সময়। আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আমরা তরুণ ফুটবলারদের ওপরই ভরসা রাখছি।’১৯৯৯ সালে অভিষেকের পর জার্মানির হয়ে ৯৮টি ম্যাচ খেলেছেন বালাক। গোল করেছেন ৪২টি। দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কয়েকবার জার্মানিকে চূড়ান্ত সাফল্যের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন এই প্লেমেকার। কিন্তু কোনোবারই শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। ২০০২ বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত গেলেও বহিষ্কারাদেশের খপ্পরে পরে হতাশাজনকভাবে ফাইনালটা খেলতে পারেননি বালাক। জার্মানিও হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে। ২০০৮ সালের ইউরো কাপে আবারও ফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয়েছিল বালাকের শিরোপাস্বপ্ন। জার্মান ফুটবলের অগ্রযাত্রায় বালাকের যে অনেক অবদান আছে, সেটা নির্দ্বিধায় স্বীকার করেছেন জোয়াকিম লো। তিনি বলেছেন, ‘এক যুগ ধরে বালাক জার্মান মাঝমাঠের প্রধান সেনানী হিসেবে খেলেছে। ২০০২ বিশ্বকাপ থেকে জার্মানির সাফল্যে সে অনেক ভূমিকা রেখেছে। কিন্তু এখন একটা সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে সে আমাদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পেরেছে।’আগস্টে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বালাককে বিদায়ী ম্যাচটা খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোয়াকিম লো। রয়টার্স।