বালাক বলছেন ‘শোয়েনি’র কথা
হতাশা, রাগ, ক্ষোভ ঝেড়ে ফেলে মাইকেল বালাক এখন বাস্তবতা বোঝার চেষ্টা করছেন। মেনে নিচ্ছেন নিজের ভাগ্য। আর জার্মানির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে জানাচ্ছেন নিজের পরিকল্পনা।গত শনিবারের চেলসি-পোর্টসমাউথ এফএ কাপ ফাইনালে পাওয়া গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বালাক। দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারবেন না। তাই বলে দল থেকে দূরে থাকছেন না জার্মানির অধিনায়ক বালাক। ভাঙা গোড়ালিতে প্লাস্টার বাঁধা অবস্থায় পৌঁছে গেছেন ইতালিতে। সেখান থেকেই জার্মান ট্যাবলয়েড বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁর অনুপস্থিতি সত্ত্বেও বিশ্বকাপে ভালো করার বেশ সম্ভাবনা আছে জার্মানির, ‘অবশ্যই অধিনায়ক যখন দল থেকে ছিটকে পড়ে, সেটা সামলানো যেকোনো দলের জন্যই কঠিন। বিশেষত আমি এই দলে অনেক দিন ধরে আছি এবং বেশ অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু অন্য দিক থেকে দেখলে এতে দলের উপকারও হতে পারে। এখন অন্যরা সামনে এগিয়ে আসবে এবং নিজেদের প্রমাণ করবে। যাদের সামর্থ্য আছে, তাদের এখন দায়িত্ব নিতে হবে। আমরা আগেও প্রমাণ করেছি, যখন প্রয়োজন তখন ঠিকই আমরা জ্বলে উঠতে পারি।’ সার্বিয়া, অস্ট্রেলিয়া ও ঘানার সঙ্গে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতেই আগে জ্বলে ওঠা দরকার জার্মানির।কিন্তু যোগ্য নেতা হয়ে দলকে জ্বালানি জোগানোর দায়িত্বটা কে নেবেন? জার্মানির অধিনায়কত্ব করবেন কে? জোয়াকিম লো এখনো সিদ্ধান্ত নেননি যে আরেকজন খেলোয়াড়কে আগে ডাকবেন, না প্রভাবশালী এই মিডফিল্ডারের শূন্য জায়গাটা আগে ভরাট করবেন নেতা নির্বাচন করে।বালাকের নিজের ভোট বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগারের পক্ষে, ‘এখন শোয়েনিকেই (শোয়েনস্টেইগারের) কাজটা করতে হবে, এগিয়ে এসে দায়িত্বটা নিতে হবে। ওর সেই আত্মবিশ্বাস আছে, যোগ্যতাও আছে। আমি আর কাউকে দেখি না, যার উপস্থিতি ওর মতো দলে অনুভূত হয় এবং যে ছন্দ ঠিক করে দিতে পারে।’অবশ্য এটুকু বলার পরই বালাক একটু লাগাম টেনেছেন তাঁর কথায়। কোচ জোয়াকিম লোর কাজে অনধিকার হস্তক্ষেপ হয়ে যাচ্ছে কি না, সেটা ভেবেই সতর্কভাবে বলেছেন, ‘দিন শেষে জোয়াকিম লোকে একাই সিদ্ধান্ত নিতে হবে। আমি অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি বলতে চাই না। কোচের জন্য কাজটা এমনিই কঠিন। দলে (ফিলিপ) লাম, শোয়াইনি, (মিরোস্লাভ) ক্লোসারাও তো আছে।’ রয়টার্স, ওয়েবসাইট।তাঁর চোটের জন্য ‘দায়ী’ কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছিলেন বালাকের এজেন্ট। বালাক অবশ্য আইনি পদক্ষেপ নিয়ে খুব আগ্রহী নন, ‘ওতে কোনো লাভ নেই। আমাকে আমার ভাগ্যই মেনে নিতে হবে।’