বালাকের অনুপস্থিতিতে অধিনায়ক লাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে জার্মানির নেতৃত্বে থাকছেন ফিলিপ লাম। চোটের কারণে বিশ্বকাপ থেকে মাইকেল বালাক ছিটকে পড়ায় বায়ার্ন মিউনিখের এই রক্ষণসেনা বিশ্বকাপে জার্মান দলকে নেতৃত্ব দেবেন। জার্মানির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে নেতৃত্ব পেলেন লাম। এদিকে পাঁজরের হাড় ভেঙে যাওয়া রেনে এডলারের বদলে গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নিউয়ারের নাম নিশ্চিত করা হয়েছে।বিশ্বকাপের একেবারে দ্বারপ্রান্তে এসে গোড়ালির চোটের কারণে নিয়মিত অধিনায়ক বালাকের বিশ্বকাপ শেষ হওয়া জার্মানির জন্য অনেকটা দুঃস্বপ্নের মতোই। তার পরও আশায় বুক বেঁধে অনুশীলন চালিয়ে যাচ্ছে জার্মানি। ইতালিতে জার্মানির অনুশীলন ক্যাম্পে কোচ জোয়াকিম লো গতকাল শুক্রবার রয়টার্সকে বলেন, ‘বালাকের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকছেন ২৬ বছর বয়সী লাম। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন বায়ার্ন মিউনিখে লামের সতীর্থ বাস্তিয়ান শোয়েনস্টেইগার। বায়ার্নের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর পুরস্কারস্বরূপ এ দুজনের ওপর আস্থা রাখা হয়েছে।বালাকের অনুপস্থিতিতে ৯৪ ম্যাচে ৪৮ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে অধিনায়কত্বের লড়াইয়ে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বায়ার্নের হয়ে ক্লোসার দুর্বল পারফরম্যান্সের কারণে তাঁর ওপর আস্থা রাখতে পারেননি জার্মান কোচ। গত মৌসুমের বেশির ভাগ সময় ক্লোসাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। পুরো মৌসুমে ৩১ বছর বয়সী এই ফুটবলার মাত্র তিনটি গোলের দেখা পেয়েছেন।