বালাকের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য এক ক্যারিয়ার। সন্দেহ নেই। কিন্তু শেষটা হলো একেবারেই ম্লান। দলবদলের বাজারে কোনো ক্লাব থেকে সাড়া না পেয়ে অবশেষে বিদায় বলে দিলেন মাইকেল বালাক। গত মাসে ৩৬ পূর্ণ করা এই জার্মান তারকা কাল সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।জাতীয় দলে আগেই ব্রাত্য হয়ে পড়েছিলেন। তাঁকে ছাড়াই ভবিষ্যৎ চিন্তা করেছে জার্মানি। সর্বশেষ বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোনো দলও পাচ্ছিলেন না। ফুটবলহীন সময় কাটানোর গত কয়েক দিনেই সিদ্ধান্তটা নিয়েছেন বলে জানিয়েছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থ, সমর্থক, কোচদের; যাঁদের সঙ্গে কেটেছে তাঁর ১৭ বছরের ক্যারিয়ার।‘৩৬ বছর বয়সে পেছন ফিরে তাকালে আমি একটা দীর্ঘ ও দুর্দান্ত পেশাদার ফুটবল ক্যারিয়ার দেখি, শৈশবে যেটা আমি স্বপ্নেও ভাবিনি’—এক বিবৃতিতে বলেছেন বালাক। এএফপি।