বালাকের বিদায়ঘণ্টা বাজালেন লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে এখন অবসর নিয়েই নিতে পারেন মাইকেল বালাক। সব অনিশ্চয়তা ‘দূর’ করে দিলেন কোচ জোয়াকিম লো। স্পষ্ট জানিয়ে দিলেন, জার্মানি দলে এই মিডফিল্ডারের আর প্রয়োজন নেই।লোর কথায় ৩৪ বছর বয়সী বালাকের আন্তর্জাতিক ক্যারিয়ারে যতিই পড়ে গেল, ‘মাইকেল বালাক আর জার্মান জাতীয় দলে থাকবে না। আমি এ নিয়ে ওর সঙ্গে খোলাখুলিই আলোচনা করেছি। গত মার্চে ওর সঙ্গে সরাসরি কথা হয়েছে। টেলিফোনেও অসংখ্যবার আমরা কথা বলেছি।’বালাকের বিদায়টা শেষ পর্যন্ত ‘ট্র্যাজিক’ই হতে যাচ্ছে। ২০১০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করে চোটে পড়লেন। তখন আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইনজুরিতে পড়ায় বালাককে নিয়ে হাহাকার উঠল। কিন্তু তরুণতর একটা দল নিয়ে বিশ্বকাপে জার্মানি এতটাই ভালো খেলল, বালাকের ফেরাই হয়ে পড়ল অনিশ্চিত। লো অনেকবারই আকারে-ইঙ্গিতে জানিয়েছেন। লোর কাছে বালাকের বিদায়ও সেই তারুণ্যের কারণেই, ‘দলে অনেক তরুণ খেলোয়াড় উঠে এসেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য নতুন প্রস্তুতি শুরুর আগে তাই বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার।’লো আশা করছেন, জাতীয় দলে যে আর ফেরার সুযোগ নেই এই সত্যটা তিনি বালাককে বোঝাতে পেরেছেন। জার্মানির সাবেক অধিনায়ককে বিদায়ী কৃতজ্ঞতাও জানিয়েছেন কোচ, ‘এক দশক ধরে ও আমাদের শীর্ষ খেলোয়াড় ছিল। ২০০২ বিশ্বকাপ থেকে আমাদের সাফল্যের অন্যতম কারিগরও ছিল সে।’ রয়টার্স, এএফপি।