বালাতেল্লিকে স্বাগতই জানাবেন পিরলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লিকে নিয়ে অনেক কথা প্রচলিত। তিনি বদমেজাজি। সতীর্থদের সঙ্গে ঝগড়া করেন—এমন কত কী ! কিন্তু ইতালীয় প্লে-মেকার আন্দ্রেয়া পিরলো বালোতেল্লি সম্পর্কে বাতাসে ভেসে বেড়ানো সব কথা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, তাঁর আচরণ নিয়ে কোনো সমস্যাই নেই। একই সঙ্গে পিরলো জানিয়েছেন, আসছে মৌসুমে তাঁর ক্লাব জুভেন্টাস বালোতেল্লিকে দলভুক্ত করলে খুশিই হবেন তিনি।গেল মৌসুমে দীর্ঘদিন পর ইতালীয় সিরি ‘আ’র শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। তুরিনে এখন চলছে নতুন মৌসুমের জন্য ঘর গোছানোর পালা। আর্সেনাল স্ট্রাইকার রবিন ফন পার্সি তাদের প্রথম পছন্দ হলেও আপাতত তাদের লক্ষ্য ম্যানচেস্টার সিটি থেকে বালোতেল্লিকে তুলে নিয়ে আসা। গত সপ্তাহে ইতালীয় বেশ কয়েকটি দৈনিক এমন তথ্যই জানিয়েছে।বেশ কয়েকটি পত্রিকা আবার আশঙ্কা করছে, বালোতেল্লি জুভেন্টাসে এলে দলের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। এমন আশঙ্কাকে অমূলকই বলেছেন আন্দ্রেয়া পিরলো। ‘স্কাই স্পোর্ট ইতালিয়া’ নামের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পিরলো বলেছেন, ‘বালোতেল্লি তুরিনে এলে কোনো সমস্যা নেই। আমি বরং তাঁকে স্বাগতই জানাব। আমরা দুজনই একই অঞ্চল থেকে এসেছি এবং একই উচ্চারণে কথা বলি।’তিনি আরও বলেন, ‘বালোতেল্লির সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’পিরলো আরও কিছুদিন ‘আজ্জুরি’দের হয়ে খেলতে চান। খেলতে চান ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপও। সেই সঙ্গে মনে-প্রাণেই চান, কোচ সিজারে প্রানদেল্লি যেন বিশ্বকাপেও ইতালির কোচের দায়িত্বটা পালন করেন।সিরি ‘আ’র পুরো মৌসুম, সেই সঙ্গে ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের ফলে অনেক ফুটবল-বোদ্ধাই এ বছরের ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী মনে করছেন আন্দ্রেয়া পিরলোকে। পিরলো অবশ্য এ ব্যাপারে নিজের ব্যক্তিগত প্রত্যাশাকে সীমিতই রাখতে চান। তিনি বলেন, ‘ভালো লাগছে এই পুরস্কারের জন্য আমাকে অনেকেই যোগ্য মনে করছেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পুরস্কারটি সম্ভবত রোনালদো কিংবা মেসির হাতেই উঠবে।’