বালোতেল্লি কালো বলেই!

ইতালি ফুটবলের ‘ব্যাড বয়’ কলঙ্কটি এবারের বিশ্বকাপে মুছে ফেলবেন ভেবেছিলেন মারিও বালোতেল্লি। সেভাবে খেলছিলেনও ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু শেষটা হলো কই! উরুগুয়ের কাছে হেরে যাওয়ার সব দোষ যেন তাঁর! সমালোচনার ঝড় বইছে বালোতেল্লিকে নিয়ে। এর মধ্যেই ইনস্টাগ্রামে করা তাঁর এক মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। সমালোচকদের সারিতে যে এবার দাঁড়িয়ে গেলেন লিওনার্দো বোনুচ্চি ও আলবার্তো জিলার্দিনোর মনস্তাত্ত্বিক কোচ আলবার্তো ফেরারিনিও!
বালোতেল্লি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনাদের কথাই ধরে নিলাম, আমি হয়তো ইতালিয়ান নই...। কিন্তু আফ্রিকানরা কখনোই তাদের একজন ভাইকে ছুড়ে ফেলে না, কখনোই না। গোল মিস হতেই পারে, এতে লজ্জার কিছু নেই।’
বালোতেিল্ল এভাবে ভাবলেও আলবার্তো ফেরারিনির চিন্তাটা ভিন্ন। জাতীয় দলে বালোতেল্লির জায়গা পাওয়াকেই প্রশ্নবিদ্ধ করেছেন এই মনস্তাত্ত্বিক কোচ। তাঁর দৃষ্টিতে, দলে সাদা-কালোর ভারসাম্য রাখতেই কৃষ্ণাঙ্গ বালোতেল্লি জায়গা পেয়েছেন ইতালি দলে। ফেসবুক ওয়ালে বেশ বড়সড় এক স্ট্যাটাস দিয়েছেন ভদ্রলোক। যার আংশিক এ রকম, ‘প্রিয় মারিও বালোতেল্লি, আমার ধারণা, তোমার গায়ের রং তোমাকে ক্যারিয়ারজুড়েই দারুণ সাহায্য করছে...।’
সাদা চামড়ার মানুষ হলে নাকি বালোতেল্লি ইতালি দলে সুযোগই পেতেন না, ‘তুমি (বালোতেল্লি) আমার মতো সাদা চামড়ার হলে আজ জাতীয় দলে থাকতে না...সাদা চামড়ার মানুষ হলে তুমি শুধু একজন ভালো খেলোয়াড় হয়েই থাকতে, এর বেশি কিছু না।’
বালোতেল্লিকে আফ্রিকার কোনো দেশে গিয়ে খেলারও পরামর্শ দেন ফেরারিনি, ‘আফ্রিকাকে যদি তোমার এতই পছন্দ, তোমাকে তোমার ‘ভাইদে’র সঙ্গে খেলতে দেখাটাই হবে আনন্দের।’ ইয়াহু স্পোর্টস।