বালোতেল্লি থেকে ভালোতেল্লি

সার্কাসে সবার নজর থাকে পোষা বাঘটির ওপর। তাকে নিয়ে খেলা দেখানোটাই রিংমাস্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতে সে হয়তো খুবই অনুগত, খেলা দেখানোর সময় বেগড়বাইও খুব একটা করে না। কিন্তু একবার মেজাজ বিগড়ে গেলেই সে হয়ে ওঠে ভয়ংকর। তখন খেলা দেখানো দূরে থাক, তাকে সামাল দেওয়াই রীতিমতো দুঃসাহসিক কাজ হয়ে ওঠে।
মারিও বালোতেল্লি যেন পোষ মানতে না-চাওয়া দুরন্ত বাঘ। তাঁর সামর্থ্য নিয়ে কারও প্রশ্ন নেই, প্রতিভা নিয়ে নেই সংশয়। কিন্তু সেই সামর্থ্যের ঝলক কখন দেখাবেন সেটা আগাম বলা যেন বাদলা দিনের ভবিষ্যদ্বাণী করার মতোই কঠিন। এই বিশ্বকাপ শুরুর আগেই সিজারে প্রানদেল্লি বলেছিলেন, বালোতেল্লির কাছ থেকে সেরাটা বের করে নেওয়াটাই তাঁর জন্য বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত প্রথম দফার পরীক্ষায় ভালোমতোই উতরে গেছেন ইতালি কোচ। বালোতেল্লি যখন হাসেন, তখন যে পুরো ইতালি তাঁর সঙ্গে হাসে!
ইউরোর সেমিফাইনালে জার্মানির সঙ্গে দারুণ গোলের পর জার্সি খুলে উদোম হয়ে গিয়েছিলেন। পরশু কানদ্রেভার ক্রস মাপা হেডে জড়িয়ে দেওয়ার পর দেখা গেল অন্য এক বালোতেল্লিকে। এবার আগের মতো অমন খ্যাপাটে কিছু করলেন না। তবে মুখের সামনে আঙুল দিয়ে যেন বুঝিয়ে দিতে চাইলেন, সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেওয়ার মিশন নিয়েই এসেছেন ব্রাজিলে।
অথচ ইতালি দলে তিনি আর অপরিহার্য নন—এমন একটা ধারণা কদিন ধরে দানা বাঁধতে শুরু করেছিল। বালোতেল্লিকে বসিয়ে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা চিরো ইমমোবিলেকে কেন নামানো হবে না, উঠে গিয়েছিল এমন প্রশ্নও। এখন নিশ্চয়ই ছাত্রের পিঠ চাপড়ে দিচ্ছেন প্রানদেল্লি। তাঁর ওপর আস্থা রাখার জন্য প্রানদেল্লিরও একটা তো ধন্যবাদ পাওনা বালোতেল্লির কাছে!
ইংল্যান্ডের সঙ্গে মহামূল্যবান জয় এনে দিয়েছেন বলেই নয়, পরশুর গোলটা অন্য দিক থেকেও দারুণ স্মরণীয় ‘সুপার মারিও’র কাছে। বিশ্বকাপ অভিষেকেই গোল পেয়েছেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। সেই উচ্ছ্বাসটাই তাঁকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ‘আমার জন্য খুবই আবেগের একটা রাত, আগে তো কখনো আমি বিশ্বকাপে খেলিনি।’ কদিন আগেই ঘোষণা দিয়েছেন প্রেমিকা ফ্যানি নেগুয়েশাকে জীবনসঙ্গিনী করার। গ্যালারিতে হবু স্ত্রী ইতালির জার্সি গায়ে উৎসাহ দিয়ে গেছেন। ম্যাচ শেষে বালোতেল্লির স্মরণ, ‘আমি এই গোলটা আমার হবু বউ, পরিবার ও বন্ধু—যারা গ্যালারিতে ছিল তাদের উৎসর্গ করছি।’
শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে ইতালির নামটা সেভাবে খুব একটা শোনা যায়নি। ইংল্যান্ডের সঙ্গে জয়ের পর বালোতেল্লির হুংকার, ‘আমরা ভালো খেলেছি। গরমে বেশ ভুগতে হয়েছে, কিন্তু জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। সব দলই ভয় করার মতো কিন্তু এখন আমাদের বাকি সবার ভয় করা উচিত।’
বালোতেল্লি এমন খেললে সেটা বলে না দিলেও হয়!