বালোতেল্লির জন্য শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে উদীয়মান তারকা। কিন্তু মারিও বালোতেল্লির মধ্যে যে বিশাল সম্ভাবনা দেখা গিয়েছিল, সেটির খুব সামান্যই তিনি পারফরম্যান্সে রূপ দিতে পেরেছেন। উল্টো মাঠের বাইরে নানা বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। ইন্টার মিলান, ম্যান সিটি, মিলান, লিভারপুল কোথাও লম্বা সময়ের জন্য থাকতে পারেননি। সবশেষ লিভারপুল তাঁকে ধারে পাঠিয়েছিল মিলানে, কিন্তু এখানেও হতাশাজনক পারফরম্যান্স, ১৭ ম্যাচে মাত্র ৩ গোল। তার ওপর চোটের কারণে মাস তিনেক ছিলেন মাঠের বাইরে। এদিকে ধারের সময়টাও শেষ হয়ে যাবে আগামী জুন মাসে। কিন্তু বালোতেল্লি নাকি থেকে যেতে চান মিলানেই। কিন্তু এই পারফরম্যান্সে কি আর তাঁকে রাখবে মিলান! ক্লাবের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি জানিয়েছেন, বালোতেল্লিকে চূড়ান্ত শর্ত দেওয়া হয়েছে, এখানে থাকতে হলে পারফর্ম করতে হবে, নইলে বিদায়। ইতালিয়ান স্ট্রাইকার কি ফর্মে ফিরতে পারবেন? মার্কা।