বালোতেল্লি আছেন তাঁর মতোই
মারিও বালোতেল্লি এখন কোথায়? ছুটি কাটিয়ে ক্লাব-সতীর্থরা প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে ফিরলেও ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার এখনো ইতালিতেই। নিজের মতো করে ‘হইহুল্লোড়’ করে বেড়াচ্ছেন। ওয়েবসাইট।ক্যারিংটনে ফিরবেন দিন কয়েক পর। ইতালিকে ২০১২ ইউরোতে রানার্সআপ করে দেশে ফিরেছেন, ক্লান্তি কাটাতে ক্লাব থেকে বাড়তি কদিন ছুটি আদায় করে নিয়েছেন। বাড়তি এই ছুটিটাই বালোতেল্লি কাটাচ্ছেন নিজের মতো করে। নৈশক্লাবে যাচ্ছেন, ভিআইপি রুমে বসে হুক্কার পাইপ ফুঁকছেন, সুরা গিলছেন। ২১ বছর বয়সী ফুটবলার এসব অবশ্য করে বেড়াচ্ছেন ব্যক্তিগত একটা বড় সমস্যাকে চাপা দিয়েই। কদিন আগে তাঁর সাবেক বান্ধবী রাফায়েল্লা ফিকো দাবি করেছেন, বালোতেল্লির সন্তানের গর্বিত মা হতে যাচ্ছেন তিনি। প্রথমে জানা গিয়েছিল খবরটি শুনে বালোতেল্লি বেজায় খুশি। এখন জানা যাচ্ছে, তিনি বেজায় খ্যাপা। অনাগত সন্তানের পিতৃত্ব পরীক্ষার দাবি পর্যন্ত করে বসেছেন! ‘কিছুদিন আগে তৃতীয় একজনের কাছে শুনেছি রাফায়েল্লা অন্তঃসত্ত্বা। তারপরই আমি তার সঙ্গে যোগাযোগ করতে মনস্থ করি। এবং আমি জিজ্ঞেস করার পরই শুধু সে নিশ্চিত করেছে, ঘটনা সত্য। আমি খুবই হতাশ। এটা তো ঠিক নয়, খবরটা আমার চার মাস পর শুনতে হবে’—বলেছেন বালোতেল্লি।২৭ বছর বয়সী রাফায়েল্লার সঙ্গে বালোতেল্লির সম্পর্ক ভেঙে গেছে গত এপ্রিলে। রাফায়েল্লার সঙ্গে আবারও জীবন জড়ানোর কোনো ইচ্ছা নেই তাঁর। রাফায়েল্লা অবশ্য দাবি করেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তিনি বালোতেল্লিকে ইতালির হয়ে ইউরোতে খেলার সময়ই জানিয়েছেন। বালোতেল্লি তখন নাকি বলেছিলেন, ‘তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে ভালো সংবাদটি দিয়েছ।’