বালোতেল্লি এখন ভালো-তেল্লি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালোতেল্লি
বালোতেল্লি

২০১০ সালে গোল্ডেন বয় পুরস্কার জিতলেও ‘ব্যাড বয়’ নামেই তিনি বেশি পরিচিত। মাঠে আর মাঠের বাইরে নানাবিধ বিতর্কের জন্ম দিয়ে এমন ভাবমূর্তিই গড়েছেন মারিও বালোতেল্লি। তবে ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে ফিরে আসার পর নাকি অনেক পরিবর্তন হয়েছে এই ইতালিয়ান স্ট্রাইকারের। তথ্যটা জানা গেছে এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির কাছ থেকে। বালোতেল্লিকে তাহলে তো এখন ভালো-তেল্লি বলাই যায়!
এ বছরের শুরুতে আবার ইতালিতে ফিরে আসার পর এসি মিলানের জার্সি গায়ে ১৯ ম্যাচে ১৫টি গোল করেছেন বালোতেল্লি। মাঠের পারফরম্যান্স দিয়েই বোঝা যাচ্ছে, সত্যিই কতটা বদলে গেছেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। মাঠের বাইরেও ব্যক্তিগত আচার-আচরণেও অনেক বদল ঘটেছে বালোতেল্লির। আর সবকিছুর মূলে নাকি আছে মানসিক প্রশান্তির বিষয়-আশয়। সম্প্রতি এক সাক্ষাত্কারে গালিয়ানি বলেছেন, ‘আমি সব সময়ই তার মনোভাব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার মনে হয়, মারিও মাঠে ও মাঠের বাইরে অনেক ভালো করছে। কারণ সে এখন এমন একটা ক্লাবে খেলছে যেটাকে ছোটবেলা থেকেই সমর্থন করত। বালোতেল্লি একজন অসাধারণ খেলোয়াড় আর সে এখন খুব খুশি আছে।’

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকার সময় যেসব বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছিলেন সেগুলো কী তাহলে মানসিক অশান্তিরই ফসল? ইংল্যান্ডে যাওয়ার এক মাসের মধ্যেই ঘটিয়েছিলেন গাড়ি দুর্ঘটনা। ক্লাবের তরুণ খেলোয়াড়দের দিকে ময়লা-আবর্জনা ছুড়ে মারায় একবার গুনেছিলেন এক লাখ পাউন্ড জরিমানা। প্রতিপক্ষের গোলপোস্টের একেবারে সামনে দাঁড়িয়েও নিশ্চিত গোল মিস করেছিলেন কারিকুরি করতে গিয়ে। আরও অনেক বিতর্কিত ঘটনার কারণেই ইংলিশ গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার।