বালোতেল্লি গর্দভ!
লোক দেখাতেই এসব করেন বালোতেল্লি!সময়টা এখন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার। ৪৪ বছর পর লিগ শিরোপা জয়ের এত কাছাকাছি এসে তরী ডুবলে তাতে দুঃখ হবে আরও বেশি। সময়ও বেশি নেই। হাতে মাত্র সাতটি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টের। আর এই সময় কিনা উটকো সব ঝামেলা পাকাচ্ছেন মারিও বালোতেল্লি, মাঠে সতীর্থদের সঙ্গেই করছেন ঝগড়া! প্রতিভাবান কিন্তু খেপাটে স্বভাবের বালোতেল্লিকে এখন ‘সিরিয়াস’ হওয়ার পরামর্শ দিলেন ম্যান সিটি সতীর্থ নাইজেল ডি ইয়ং।‘কখনো কখনো ওকে মনে হয় গর্দভ, আবার কখনো কখনো জিনিয়াস। আসলে ওর দুটি দিকই আছে’—বলেছেন এই ডাচ ফুটবলার। বয়স-অভিজ্ঞতা দুটিই কম বলে বালোতেল্লি এ রকম করেন বলে ধারণা তাঁর, ‘আসলে অনেকেই আছে যারা ওর কাছ থেকে উদ্ভট কাণ্ডকারখানা দেখতে চায়। এ কারণেই ওর মনে হয়, কিছু করা দরকার। এ ধরনের মানুষের ভালো পারফর্ম করতে হলে জীবনে অনেক বড় পরিবর্তন আনতে হয়।’ বালোতেল্লি সময়ের সঙ্গে সঙ্গে শুধরে নেবেন বলেই আশা ডি ইয়ংয়ের, ‘ও জানে ওকে আরও বেশি সিরিয়াস হতে হবে।’এমন আচরণের কারণে অনেক সময় দর্শকদের লক্ষ্যবস্তুও হয়ে যান এই ২১ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার। গত ফেব্রুয়ারিতে ইউরোপা লিগে যেমন তাঁর নামে বর্ণবাদী স্লোগান দিয়েছে পোর্তোর দর্শকেরা। অবশ্য এ কারণে পর্তুগিজ ক্লাবটিকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। রয়টার্স।