বালোতেল্লি-টনিকে টগবগে মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানের বালোতেল্লি ও সিটির বালোতেল্লির মধ্যে অনেক ব্যবধান! নতুন ক্লাবের হয়ে টানা তিন ম্যাচেই গোল পেলেন এই খ্যাপাটে স্ট্রাইকার। দিদিয়ের দ্রগবাও গ্যালাতাসারাইতে এসে ফিরে পেয়েছেন পুরোনো জাদু, গোল করে তুরস্কে অভিষেকটা করে রেখেছেন স্মরণীয়। গোল করেছেন, যেভাবে করেছেন সেটাও আত্মতৃপ্তির উৎস। পার্মাকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান, শুরুর গোলটা ছিল আত্মঘাতী। ‘সুপার মারিও’ খেলটা দেখিয়েছেন দ্বিতীয়ার্ধে। ৭৬ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে লিখে দেন গোলের ঠিকানা। যা ঠেকানোর সাধ্য ছিল না গোলরক্ষকের। টানা ছয় ম্যাচে অপরাজিত, এসি মিলান উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। সামনের বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মিলানের প্রতিপক্ষ বার্সেলোনা। মেসিদের মুখোমুখির হওয়ার আগে বালোতেল্লি-টনিকে টগবগ করছে যেন মিলান।এমন বাঁক খাওয়ানো ফ্রি-কিকের রহস্যটা কী? বালোতেল্লি নিজেই বলেছেন, ‘সচরাচর যেমন জোরে মারি, এর আগের কয়েকটা কিকে তেমন মারতে পারিনি। তাই ঠিক করলাম দেয়ালের ওপর দিয়েই মারব।’ ২৪ ফেব্রুয়ারি নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টারের মুখোমুখি হবে মিলান। কিন্তু বালোতেল্লির ভাবনাজুড়ে শুধুই বার্সেলোনা, ‘এখন আমার পুরো মনোযোগ বার্সেলোনা নিয়েই। এরপর ইন্টারকে নিয়ে ভাবব।’ চীনের সাংহাই শেনহুয়া থেকে ১ কোটি ইউরো দিয়ে দ্রগবাকে দলে টেনেছিল গ্যালাতাসারাই। তুর্কি ক্লাবটির হয়ে অভিষেকে বেঞ্চেই বসে ছিলেন। কিন্তু ৬২ মিনিট পর্যন্ত গোল না আসায় কোচ মাঠে নামিয়ে দেন পোড়-খাওয়া স্ট্রাইকারকে। কোচকে সঠিক প্রমাণ করতে পাঁচ মিনিটের বেশি সময় নেননি, গোল করেছেন ৬৮ মিনিটেই। এএফপি।