বালোতেল্লি পাগল নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে রেফারির চোখটা একটু বেশিই থাকে তাঁর ওপর। হলুদ কার্ড-লাল কার্ড পেতে খুব একটা অনীহা যেন নেই তাঁর নিজেরও। অজস্রবার ওগুলো পেয়েছেন, সামনে আর কতবার পাবেন—মারিও বালোতেল্লি নিজেও বলতে পারবেন না। গায়ে একটা তকমাই জড়িয়ে গেছে—‘ব্যাড বয়,’ ‘উন্মাদ’ কিংবা ‘পাগল’।এসব ‘খেতাব’ অযৌক্তিকই বা বলেন কী করে! মাঠের বাইরেও উল্টোপাল্টা কাজ তো কম করেননি ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার। ২০১০ সালে ইন্টার মিলান ছেড়ে আসার আগে কোচ হোসে মরিনহোর সঙ্গে তাঁর সম্পর্কটা দাঁড়িয়ে গিয়েছিল আদায়-কাঁচকলায়। এ নিয়ে কত কাহিনি আছে! একবার টেলিভিশনের এক টক শোতে ইন্টার স্ট্রাইকার কথা বলে এলেন নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের জার্সি গায়ে দিয়ে! ইতালিয়ান মাফিয়াদের স্বর্গরাজ্য নেপলসে স্থানীয় মাফিয়া-প্রধান মার্কো ইয়োরিওর সঙ্গে তাঁকে ঘুরে বেড়াতে দেখা গেছে।এই তো সেদিন, ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার দুই রাত আগে ম্যানচেস্টারে নিজের ফ্ল্যাটে কী এক কাণ্ড করে বসলেন। বাসার বাথরুমে ঘটল অগ্নিকাণ্ড, ত্রাতা হয়ে এল দমকল বাহিনী। তিনি অবশ্য নির্বিকারভাবে নিজের দায় অস্বীকার করলেন, ‘আমি তো কিছুই করিনি। হতে পারে, আমার বন্ধুদের কারও ভুলে আগুন ধরে গিয়েছিল।’ মাঠে অসাধারণ খেলছেন এই ২১ বছর বয়সী স্ট্রাইকার। কিন্তু মাঠ কিংবা মাঠের বাইরে কখন কী করে বসবেন, কেউ জানে না। অননুমেয় এক চরিত্র; চলন-বলন—সবকিছুতেই। সাম্প্রতিক রটনা, ৩২ বছর বয়সী পর্নো অভিনেত্রী হলি হেন্ডারসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্রসঙ্গটি ওঠায় বলে দিলেন, ইংলিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো ইতালিয়ান পত্রিকাগুলোর তুলনায় জঘন্য, ‘একটি পত্রিকার প্রথম পাতায় নগ্ন নারীর ছবি দেখতে আমার বিশ্রী লাগে। এ ক্ষেত্রে ইতালিই আমার পছন্দ।’বালোতেল্লি বিরক্ত মানুষের কাছে তাঁর নেতিবাচক ভাবমূর্তি দাঁড়িয়ে যাওয়ায়। আজ ইতালির হয়ে পোল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে খেলতে যাওয়ার আগে বললেন, তিনি পাগল বা উন্মাদ নন, ‘হ্যাঁ, কখনো কখনো আমি হয়তো অভাবিত কিছু করে বসি, তাতে এক ধরনের মজাই হয়, কিন্তু আমি উন্মাদ নই।’ এ নিয়ে নিজের কাছে বালোতেল্লির ব্যাখ্যা, ‘আপনি বিখ্যাত হয়ে গেলে মানুষ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী হয়ে পড়ে এবং নানা বিষয়ে মুখ খোলানোর চেষ্টা করে।’জন্ম সিসিলিতে, ঘানাইয়ান মা-বাবার ঘরে। কিন্তু ইতালিয়ান দম্পতি ফ্রান্সেসকো ও সিলভিয়া বালোতেল্লি তাঁকে দত্তক নেওয়ার পর মাত্রই তিন বছর আগে ইতালিয়ান নাগরিকত্ব পান। মনেপ্রাণে ইতালিয়ান, ইতালি জাতীয় দলে খেলতে চান হূদয় উজাড় করে। কিন্তু ইতালিয়ান লিগ বালোতেল্লির ভালো লাগে না, “সিরি ‘আ’তে নেই বলে আমার কোনো দুঃখবোধ নেই। কারণ এটার মান খুব খারাপ। ইংলিশ ফুটবল অনেক উঁচু মানের এবং আমি সেরা দলটিতেই খেলছি।’ইতালির হয়ে পাঁচটি ম্যাচ খেলে কোনো গোল পাননি বালোতেল্লি। এখন ‘জাতীয় দলের হয়ে জেগে উঠতে’ চান, পেতে চান প্রথম গোল। সেই লক্ষ্যে আজ সামনে পাচ্ছেন পোল্যান্ডকে, মঙ্গলবার উরুগুয়েকে। এই দুটি প্রীতি ম্যাচে ইতালির জার্সি গায়ে স্মরণীয় কিছু করতে চান। কেননা রবার্তো মানচিনি যেমন ম্যান সিটিতে, তেমনি সিজারে প্রানদেল্লি জাতীয় দলে তাঁকে মানসিক প্রশান্তি এনে দিয়েছেন। রয়টার্স, এএফপি।