বালোতেল্লি-মানচিনির শান্তিচুক্তি!
দুদিনের মধ্যেই মারিও বালোতেল্লির বিষয়ে নিজের অবস্থান পাল্টে ফেললেন রবার্তো মানচিনি? মিনো রাইওলার দাবি অন্তত সে রকমই। বালোতেল্লির এই এজেন্ট বলছেন, ঝামেলা যা ছিল চুকেবুকে গেছে, বালোতেল্লি-মানচিনির মধ্যে এখন শান্তির সেতুবন্ধন!বালোতেল্লির ওপর তাঁর আস্থা নেই—মানচিনি কথাটা স্পষ্টই জানিয়ে দেন কয়েক দিন আগে। এরই মধ্যে গত বুধবার আবার আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির ‘ব্যাডবয়’। ম্যাচ শেষে ক্ষোভটা উগরে দেন সিটির ইতালিয়ান কোচ। জানিয়ে দেন, ‘বালোতেল্লি মৌসুমের বাকি সময়ে আর খেলতে পারবে না।’ আসন্ন গ্রীষ্মেই বালোতেল্লিকে বিক্রি করে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত করেন।কিন্তু বালোতেল্লির এজেন্ট রাইওলা বলছেন, ‘আমি এখন ম্যানচেস্টারে আছি, কিন্তু দলবদলের কোনো ব্যাপারে না। আমি মারিও এবং মানচিনির সঙ্গে কথা বলেছি। সাময়িক মানসিক উত্তেজনা ছিল। কিন্তু এখন পরিস্থিতি শান্ত। মারিও তাঁর ভুল বুঝতে পেরেছেন। সেসব ব্যাপারেই স্পেশাল। মাঝেমধ্যে তিনি ভুল করে বসেন, যার কোনো অর্থ হয় না। সমর্থকদের দিক থেকে মারিওর ওপর প্রচুর চাপ আছে। কিন্তু ম্যানচেস্টার সিটি তাঁকে বিক্রি করতে চায় না।’রাইওলার দাবি, বালোতেল্লিও ম্যানচেস্টার সিটিতেই থেকে যেতে চান, ‘এটা ইতালিতে ফেরার সময় নয়। মারিও অবশ্যই উন্নতি করছে এবং ইংল্যান্ডে শিখছে।’ মানচিনির আরও কিছুদিন সিটিতে থাকবেন কি না, সেটি বলবে সময়। তবে ম্যান সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে বালোতেল্লির মতো খেলোয়াড় নাকি জায়গা পেত না। ম্যানইউর সহকারী কোচ রেনে মিউলেনস্টিন বলছেন, অ্যালেক্স ফার্গুসন কখনোই মারিও বালোতেল্লির মতো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতেন না! বালোতেল্লি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফার্গুসনের এই সহকারী তীব্র সমালোচনা করেছেন সিটির মাঠের পারফরম্যান্সেরও, ‘সিটি ভারসাম্যপূর্ণ দল নয়। তাদের কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো। ওদের টিম স্পিরিটেও ঘাটতি আছে।’ এএফপি, ওয়েবসাইট।