বালোতেল্লি সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার চেয়ে খেলার বাইরের কাণ্ডকীর্তি দিয়েই তিনি শিরোনাম হতে ভালোবাসেন। মারিও বালোতেল্লি ও বিতর্ক অনেক দিনই দুজন দুজনার। গত রোববার নাপোলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে সেই তালিকাটা আরেকটু ‘সমৃদ্ধই’ করেছেন এই খ্যাপাটে স্ট্রাইকার। তা-ও আবার রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে!
ধৈর্যেরও একটা সীমা থাকে। মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বোধ হয় সেটা হারিয়ে ফেলেছিলেন। ম্যাচ শেষে বলেছিলেন, ‘মাঝেমধ্যে মুখ বন্ধ রাখা উচিত।’ বালোতেল্লির ওপর যে খুব একটা প্রসন্ন নন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। ‘সুপার মারিও’র তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মিলান আপিলই করেনি।
আগামী সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে বড় ম্যাচ, সেটিতে বালোতেল্লি থাকবেন দর্শক হয়ে। নিজেই এখন বুঝতে পেরেছেন, উত্তেজনার বশে কাজটা ঠিক করেননি। গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘প্রথমত, আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি যা করেছি, সেটা কোনোভাবেই দলকে সাহায্য করেনি। সমর্থকেরা দলটাকে এত ভালোবাসে, ওদের কথা চিন্তা করেও আমি অপরাধবোধে ভুগছি। আমি রেফারির কাছেও ক্ষমা চাইছি।’
এতটুকু পড়ার পর যাঁদের মনে হচ্ছে, বালোতেল্লির সঙ্গে এসব কথা একেবারেই যাচ্ছে না, তাঁরা একটু অপেক্ষা করুন। কারণ, এর পরই এই স্ট্রাইকার ফিরেছেন ‘স্বরূপে’, ‘হ্যাঁ, আমি একটা ভুল করেছি। আমাকে উসকানি দেওয়া হয়েছিল। কিন্তু আমি সবার কাছে ক্ষমা চাইব না। আমি তো আর কাউকে খুন করিনি।’ দাবি করেছেন, যে অপরাধে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক বেশি অপরাধ করেও অন্যরা পার পেয়ে যাচ্ছেন।
যাক, বালোতেল্লি তাহলে তাঁর মতোই আছেন! ওয়েবসাইট।