বালোতেল্লিও পেনাল্টি মিস করেন!

মিলান হেরেছে, তার পরও ম্যাচটা ছিল ‘বালোতেল্লিময়’। কী করেছেন না বলে বলা উচিত কী করেননি তিনি! পেনাল্টি মিস করেছেন, ক্রসবারে বল লাগিয়েছেন, সুযোগ নষ্ট করেছেন, দুর্দান্ত একটা গোলও করেছেন। এবং ম্যাচ শেষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দেখেছেন লাল কার্ড।
তবে এত কিছু করেও কিন্তু দলকে বাঁচাতে পারেননি। সেই ১৯৮৬ সালে মিলানকে সর্বশেষ তাদের মাঠে হারিয়েছিল ডিয়েগো ম্যারাডোনার নাপোলি। পরশু সান সিরোতে সেই কীর্তির পুনরাবৃত্তি করল নতুন নাপোলি। তারা ২-১ গোলে জিতেছে মিগুয়েল ব্রিতোস ও গঞ্জালো হিগুয়েইনের সৌজন্যে। সিরি ‘আ’তে অবশ্য তার পরও শীর্ষে রোমা, গোল ব্যবধানে।
তবে সবকিছু ছাপিয়ে বালোতেল্লির পেনাল্টি ব্যর্থতাটাই ছিল আলোচনায়। পেশাদার ক্যারিয়ারে কখনোই পেনাল্টি মিস করেননি তিনি। পরশু পেপে রেইনা তাঁর স্পট কিক রুখে অসাধ্যই সাধন করলেন। টানা ২১টি পেনাল্টি থেকে গোল করার রেকর্ডটাও থেমে গেল বালোতেল্লির। রেইনা বলেছেন, এমনি এমনিই বালোতেল্লির পেনাল্টি রুখে দিতে পারেননি তিনি, এর পেছনে যথেষ্টই ‘হোমওয়ার্ক’ ছিল।
বালোতেল্লি পেনাল্টি থেকে গোল করতে পারলে কিন্তু মিলানের একটা পয়েন্ট পাওয়ার আশা বেঁচে থাকত। ৬১ মিনিটে এই পেনাল্টি মিসের ৮ মিনিট আগেই নাপোলি এগিয়ে যায় দুই গোলে। শেষ দিকের গোলটি মিলানকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারেনি। মাসিমিলিয়ানো আলেগ্রি হারটাকে নিয়েছেন সহজভাবেই, ‘আমরা মৌসুমের সেরা খেলাটাই খেলেছি। শুধু ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’ তবে অনর্থক লাল কার্ড দেখায় বালোতেল্লির সমালোচনাও করেছেন মিলানের কোচ, ‘রেফারির সঙ্গে তর্ক করার কোনো মানে হয় না। যখন খেলা শেষ, মুখ বন্ধ রাখাই উচিত।’
তিন ম্যাচের জন্য বহিষ্কৃতও হয়েছেন বালোতেল্লি। এএফপি।