বালোতেল্লিকে বশ মানাচ্ছেন রজার্স!
ব্রেন্ডন রজার্স জানতেন, বড় একটা ফাটকাই খেলছেন। মারিও বালোতেল্লিকে দলে আনা মানে একরকম জুয়া খেলার মতোই। খ্যাপাটে ইতালিয়ান স্ট্রাইকারের প্রতিভা নিয়ে সংশয় কমই ছিল। তবে মাঠে মাথা গরম করে কখন কী করে বসেন তার ঠিক নেই। এখন পর্যন্ত প্রথম পরীক্ষায় বলার মতো কিছু করতে না পারলেও দ্বিতীয়টিতে উতরে গেছেন বালোতেল্লি।
রজার্স জানেন, বালোতেল্লিকে সামলানো তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এখন পর্যন্ত লিভারপুল কোচ সেটি উপভোগই করছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই আলাদা, এখন পর্যন্ত আমি ওর সঙ্গে কাজ করাটা উপভোগই করেছি। সে ভালো একটা ছেলে, ক্লাবের ভালো করতে চায়। সে আমাকে দেখিয়েছে দলের জন্য সে যথেষ্ট ভাবে। এ জন্যই আমি ওকে সময়ও দিচ্ছি।’
বালোতেল্লিকে মানুষ হিসেবেও প্রশংসাপত্র দিচ্ছেন রজার্স, ‘সে ঘোরালো মনের নয়। সে জীবন ও ক্যারিয়ারে ভালো কিছু করতে চায়। সে যদি এসবের জন্য নিজেকে সঁপে দিয়ে কাজ করে যেতে পারে, তাহলে এখানে ওর দুয়ার খোলাই থাকবে।’
তবে মাঠে কিছু না করলেও মাঠের বাইরে এর মধ্যেই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। লেস্টার সিটির কাছে হারার পর ম্যানচেস্টার ইউনাইটেডকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন বালোতেল্লি। পরে এন্তার বর্ণবাদী গালিও শুনতে হয়েছে টুইটারে। পুলিশ অবশ্য ঘটনাটা খতিয়ে দেখছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করেনি। এএফপি।