বালোতেল্লিকে সামলাতে বিশেষ পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সব সময় আমিই কেন?—গোল করার পর একবার ফুটবল বিশ্বের সামনে এমন প্রশ্নই রেখেছিলেন বালোতেল্লি।’
‘সব সময় আমিই কেন?—গোল করার পর একবার ফুটবল বিশ্বের সামনে এমন প্রশ্নই রেখেছিলেন বালোতেল্লি।’

মাঠে মারিও বালোতেল্লিকে সামলানো বেশি কঠিন, নাকি মাঠের বাইরে! এটা একটা প্রশ্ন বটে। মাঠের লড়াইয়ে বালোতেল্লির ওপর সতর্ক দৃষ্টি থাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। কারণ, মাত্র ২৩ বছর বয়সেই নিজের সক্ষমতার প্রমাণটা বেশ ভালোমতোই দিয়েছেন এই ইতালিয়ান স্ট্রাইকার। কিন্তু মাঠের বাইরে একের পর এক কাণ্ডের জন্ম দেওয়া বালোতেল্লিকে চোখে চোখে রাখবে কে? এ নিয়েই চিন্তায় পড়ে গেছে তাঁর দল এসি মিলান। বালোতেল্লির পাগলামিসুলভ আচরণ সামাল দেওয়ার জন্য তাই আলাদাভাবে একজন নিরাপত্তা কর্মকর্তাকেই নিয়োগ দিতে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকার সময় প্রায়ই বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় এসেছিলেন বালোতেল্লি। ইংল্যান্ডে পা রাখার এক মাসের মধ্যেই ঘটিয়েছিলেন গাড়ি দুর্ঘটনা। অনুশীলনরত তরুণ খেলোয়াড়দের দিকে ময়লা-আবর্জনা ছুড়ে মারার দায়ে একবার গুনেছিলেন এক লাখ পাউন্ড জরিমানা। তবে নিজ দেশ ইতালিতে ফিরে আসার পর বালোতেল্লির আচরণের অনেক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছিলেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি। তার পরও হয়তো নিশ্চিত হতে পারছেন না মিলানের কর্মকর্তারা। এ কারণেই খ্যাপাটে এই ফুটবলারকে সামলে রাখার জন্য নেওয়া হচ্ছে নতুন এই পদক্ষেপ।
সত্যি সত্যিই এই ব্যবস্থা নেওয়া হলে নিজের আচরণ নিয়ে বেশ সতর্কই থাকতে হবে বালোতেল্লিকে। কারণ, তাঁর ওপর নজরদারির করার ভার দেওয়া হতে পারে ইতালির সাবেক পুলিশ কর্মকর্তা ফিলিপ্পো ফেরিকে, ২০০১ সালে জি-৮ সম্মেলনের সময় প্রতিবাদকারীদের আন্দোলন কঠোর হাতে দমন করার জন্য যাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল। কারণ আন্দোলনকারীদের ওপর একটু বেশিই চড়াও হয়েছিলেন তিনি! বর্তমানে তিনি পালন করছেন মিলানের নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব।
তবে এ ধরনের কিছুই হচ্ছে না বলে দাবি করেছেন বালোতেল্লির এজেন্ট রাইওলা। ইতালিয়ান গণমাধ্যম ইচ্ছে করেই এ ধরনের গল্প বানাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি, ‘ইতালিতে আমরা কথা বলি শুধু রাজনীতি আর মারিওকে নিয়ে। পাতা ভরানোর জন্য তারা এই ধরনের গল্প ফেঁদে বসে। আর এটা খুবই জঘন্য ব্যাপার। মারিও আশেপাশে থাকলেই বেরিয়ে পড়ে অনেক অনেক গল্প। তার গাড়ি নিয়ে, আয় নিয়ে, বাড়ি নিয়ে।’
গণমাধ্যমের এই বাড়তি উত্সাহ বালোতেল্লির ওপর চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন রাইওলা, ‘সবারই একটা ব্যক্তিগত জীবন থাকে। মারিও নিজেকে শুধরে নেওয়ার যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু মিডিয়া তার ওপরে আরও চাপ বাড়াচ্ছে।’