বালোতেল্লিকে হারিয়ে ফেলল ইতালি
অন্য কোনো সময় হলে সিজারে প্রানদেল্লি এটাকে স্রেফ দুঃসংবাদ বলতে পারতেন। কিন্তু কনফেডারেশনস কাপের সেমিফাইনালে স্পেনের মতো ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ, আর সেই ম্যাচেই দলের সেরা স্ট্রাইকার খেলতে পারবেন না—এ যে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর। শুধু সেমিফাইনাল নয়; ইতালি যদি ফাইনালেও ওঠে, সেখানে থাকবেন না মারিও বালোতেল্লি। বাঁ ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় টুর্নামেন্টই শেষ হয়ে গেছে তাঁর। ব্রাজিল থেকে এরই মধ্যে দেশে ফিরেও গেছেন তিনি।পেশাদারির আড়ালে দুশ্চিন্তা ঢেকে রাখার চেষ্টা করলেও বালোতেল্লিকে হারানোর ক্ষতিটা যে অপূরণীয়, সেটা স্বীকার করতেই হয়েছে প্রানদেল্লিকে, ‘মারিওকে নিয়ে কিছু বলা খুব কঠিন। সে যদিও অননুমেয়, কিন্তু ইতালির নীল জার্সিতে সব সময় সেরাটাই দেয়। তাকে ছাড়া এখন আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’ তবে প্রানদেল্লি স্বস্তির সংবাদও পেয়েছেন একটা—চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারা আন্দ্রেয়া পিরলো আগামীকাল স্পেনের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত।ইতালি কোচের ঠিক উল্টো সমস্যায় পড়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। ফোরলান-কাভানি আর সুয়ারেজকে নিয়ে সাজানো তাঁর ফরোয়ার্ড লাইন কিছুটা বদলে তাহিতির বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ দিয়েছিলেন স্ট্রাইকার আবেল হার্নান্দেজকে। সেই ম্যাচে একাই ৪ গোল করে হার্নান্দেজ একাদশে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করেছেন, উরুগুয়েও জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। তাহিতির সঙ্গে মাত্র ৭৯ সেকেন্ডে করা হার্নান্দেজের গোলটা কনফেডারেশনস কাপের ইতিহাসে দ্রুততম। এক ম্যাচে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হার্নান্দেজ। ৫ গোল করে এই তালিকায় সবার ওপরে স্পেনের স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। তিনটি করে গোল আছে ব্রাজিলের নেইমার, স্পেনের ডেভিড ভিয়া, উরুগুয়ের সুয়ারেজ, নাইজেরিয়ার নামাদি ওদুয়ামাদি ও মেক্সিকোর হাভিয়ের হার্নান্দেজের। এএফপি।