বালোতেল্লিতে তটস্থ স্পেন
তাঁর মতো তাঁর জীবনের গল্পও অদ্ভুত। বেঁচে থাকার কথাই ছিল না। জন্মের পর থেকেই প্রাণঘাতী রোগে ভুগেছেন। ভাগ্যের সন্ধানে ঘানা থেকে ইতালিতে পাড়ি জমানো হতদরিদ্র টমাস বারউয়ার সাধ্যের বাইরে চলে যাচ্ছিল চিকিৎসাব্যয়। তিন বছর বয়সী মারিওকে তিনি তুলে দিয়েছিলেন বালোতেল্লি পরিবারের কাছে। পালক সন্তান হিসেবে বড় হয়েছেন। কিন্তু আদরের কোনো কমতি ছিল না। ফ্রান্সেসকো আর সিলভিয়া বালোতেল্লিকেই নিজের বাবা বলে জানেন। বালোতেল্লি পরিবার তাঁকে ঠিক দত্তক হিসেবে নেয়নি, নিয়েছিল পালক সন্তান হিসেবে। এ কারণে ইতালির নাগরিকত্ব পেতেও অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর বয়স পর্যন্ত। এর মধ্যে পিতৃত্বের দাবি নিয়ে হাজির হওয়া বাবাকে ফিরিয়েও দিয়েছেন, এই অভিযোগ করেছেন, শৈশবে তাঁকে ত্যাগ করা মা-বাবাই এখন ছুটে এসেছে অর্থ আর খ্যাতির লোভে!সেই মারিও বালোতেল্লির ওপর আজ সবার নজর। মাত্র ২১ বছর বয়সে ইতালিকে তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয় ইউরোপ-সেরার মুকুট এনে দেওয়া থেকে নিঃশ্বাস-দূরত্বে তিনি। যদিও অতীত বলছে, এ ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন না বালোতেল্লি। উত্তেজনার বশে ভুল করতে থাকেন একের পর এক। এমনকি আজ যে মাঠে পাগলাটে কোনো কাণ্ড করবেন না, সেই নিশ্চয়তাও নেই!অবশ্য ফাইনালের আগে তাঁর কথাবার্তা শুনে ধন্ধে পড়ে যেতে হয়। এ কোন বালোতেল্লি! ফ্রি-কিক নেওয়ার জন্য নিজের সতীর্থদের সঙ্গে মাঠে দৃষ্টিকটু ঝগড়া করার নজির আছে যাঁর সেই তিনি বলছেন, ‘আমরা যদি জিতি, আর আমি যদি গোল করি, সেটা হবে দুর্দান্ত। কিন্তু আমি যদি গোল না-ও করি, দল জিতলেও সেটা দুর্দান্তই হবে। আমি এখন খুবই আনন্দিত। আশা করি, রোববার (আজ) আর বেশি আনন্দ পাব।’তবে গোল করার চেষ্টা তো অবশ্যই করবেন। আগেই বলেছেন, সেমিফাইনালে গ্যালারিতে মা ছিল বলে ২ গোল করেছেন। এই ম্যাচে গ্যালারিতে বাবা থাকলে করবেন ৪ গোল! এই ম্যাচে ক্লাব-সতীর্থ ডেভিড সিলভার সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে। সিলভা-বালোতেল্লিরা এবার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। ইউরোর শিরোপা না জিতলেও নাকি তাই ক্ষতি নেই বালোতেল্লির। ‘না জিতলেও এটা আমার ভালো মৌসুম হয়েই থাকবে। কিছুই নষ্ট হবে না। তবে জিতলে সেটি হবে স্পেশাল’—বলেছেন ‘ব্যাড বয়’। কে জানে, চাপ থেকে নিজেকে মুক্ত করার দাওয়াই এটা কিনা।চাপমুক্ত বালোতেল্লি যে ভয়ংকর হয়ে উঠবেন, সেটা স্পেন ভালো করেই জানে। এ কারণে স্প্যানিশ রক্ষণকে তটস্থ থাকার পরামর্শ দিলেন সেস ফ্যাব্রিগাস। স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘বালোতেল্লি দুর্দান্ত খেলোয়াড়। সেটা জার্মানির মতো শক্ত প্রতিপক্ষের সঙ্গে সেমিফাইনালে দুর্দান্ত দুটি গোল করে দেখিয়ে দিয়েছে। ও আমাদের জন্য বিপদের কারণ হতে পারে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট। ফ্যাব্রিগাস অবশ্য বলেছেন, শুধু বালোতেল্লির দিকে নজর দিতে গিয়ে বাকিদের কথা ভুলে গেলে চলবে না। আন্তোনিও কাসানো কিংবা আন্তোনিও ডি নাতালেদের ব্যাপারেও পরিষ্কার ছক কষে নামতে হবে। তবে অবশ্যই, পরিকল্পনার সিংহভাগ জুড়ে থাকবে একটাই কথা—ঠেকাও বালোতেল্লি!