বালোতেল্লিতে মুগ্ধ পেলে
ক্লাব কিংবা জাতীয় দল, মারিও বালোতেল্লিকে সামলাতে হিমশিম খেয়ে যান তাঁর কোচ ও সতীর্থরা। মাঠের বাইরেও শৃঙ্খলা শব্দটিকে আপন করে নিতে পারেননি। বিশ্ব ফুটবলে তিনি ‘ব্যাড বয়’। তবে নিন্দিত এই ইতালিয়ান স্ট্রাইকারের গুণমুগ্ধ মানুষের সংখ্যাও কম নয়। এই তালিকায় সর্বশেষ নামটা ‘ফুটবলসম্রাট’ পেলে। এসি মিলান তারকাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিল-কিংবদন্তি! ওয়েবসাইট।
উচ্ছ্বাসের কারণও খোলাসা করেছেন পেলে, ‘আমি আসলেই তার খেলার ধরন খুব পছন্দ করি। সে সত্যিকারের একজন স্ট্রাইকার। নিজের শারীরিক ক্ষমতাটা কাজে লাগিয়ে সে মাঠে অনেক জায়গা তৈরি করে এবং প্রতিপক্ষকে নাকাল করে ছাড়ে।’ বালোতেল্লির জাতীয় দল ইতালিরও প্রশংসা করেছেন পেলে, ‘আমি ইতালিকেও পছন্দ করি, কারণ তারা বড় আসরে সব সময় তাদের সেরাটা দেখাতে পারে।’
একই গ্রুপে থাকায় কনফেডারেশনস কাপে ইতালির মুখোমুখি হতে হবে ব্রাজিলকেও। তবে পেলে ওই ম্যাচ নিয়ে বোধ হয় ততটা চিন্তিত নন, যতটা ১৫ জুন জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে, ‘সবাই বলছে প্রথম ম্যাচটা সহজ। কারণ জাপানের তেমন ফুটবল-ঐতিহ্য নেই। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা ফ্রান্সের বিপক্ষে ভালো খেলেছি বলেই জাপানের বিপক্ষেও জয় নিশ্চিত ধরে নেওয়ার কোনো কারণ নেই।’