বালোতেল্লিতে মুগ্ধ পেলে
তাঁর শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কিন্তু তাঁর প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। মারিও বালোতেল্লির প্রতিভা নিয়ে সংশয় নেই ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেরও। পেলে মুগ্ধ এই ইতালীয় তারকার শারীরিক শক্তিনির্ভর খেলায়। বালোতেল্লি যেভাবে নিজের শারীরিক শক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখেন, সেই ব্যাপারটি দারুণ পছন্দ সাবেক এই ব্রাজিলীয় কিংবদন্তির।নিজের শারীরিক সক্ষমতার ব্যবহার একজন স্ট্রাইকারের বাড়তি ক্ষমতা হিসেবে মনে করেন পেলে। বালোতেল্লির শক্তি ব্যবহারের গুণটি তাঁকে স্ট্রাইকার হিসেবে বাড়তি সুবিধা দেয় বলেই মনে করেন পেলে। একই সঙ্গে ব্যাপারটিকে একজন ভালো স্ট্রাইকারের লক্ষণ হিসেবেও মনে করেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া এই স্ট্রাইকার।এবারের কনফেডারেশনস কাপে ইতালির ভালো সম্ভাবনা দেখছেন পেলে। যেকোনো বড় মঞ্চে নিজেদের মেলে ধরার ব্যাপারে ইতালির যে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটিই কনফেডারেশনস কাপে তাঁদের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন পেলে। সূত্র: ওয়েবসাইট।