বালোতেল্লিতে ম্লান নেইমার
গত নভেম্বরে নতুনভাবে কোচের দায়িত্ব নেওয়ার পর গতকাল হয়তো প্রথম জয়ের দেখাটা পেয়েই যেতেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ ফিলিপ স্কলারি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হতাশ হতে হয়েছে মারিও বালোতেল্লির জন্য। দ্বিতীয়ার্ধে চমত্কার একটা গোল করে ব্রাজিলকে জয়বঞ্চিত করেছেন এই তরুণ ইতালিয়ান স্ট্রাইকার। আর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রাজিলের তারকা নেইমারকেও খানিকটা ম্লান করে দিয়েছেন বালোতেল্লি। প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ২-২ গোলে। ব্রাজিলের পক্ষে গোল দুটি করেছেন ফ্রেড ও অস্কার।গতকাল ইতালির বিপক্ষে শুরুটা দুর্দান্তভাবে করেছিল ব্রাজিল। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ করেছিল প্রথমার্ধ। ৩৩ মিনিটের মাথায় ফ্রেড ও ৪২ মিনিটের মাথায় অস্কারের করা গোল দিয়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইতালি। ৫৪ মিনিটে একটি গোল শোধ করেন ড্যানিয়েল ডি রসি। দুই মিনিট পরই খেলায় সমতাসূচক গোলটি করেন বালোতেল্লি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলের খেলোয়াড়দের।গত মাসেই ইংল্যান্ডের বিপক্ষে হতাশাজনকভাবে ২-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। সেই তুলনায় দলের পারফরম্যান্সে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন কোচ ফিলিপ স্কলারি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমরা নিশ্চিতভাবেই অনেক উন্নতি করেছি। পুরো দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। ম্যাচে সমতাসূচক গোলটির পরও আমরা আরও গোল করার জন্য মরিয়া হয়ে যাইনি। আর আমার মতে, ব্রাজিল ভালো খেলেছে।’ ১৯৮২ সালের পর এখন পর্যন্ত ইতালির কাছে হারেনি ব্রাজিল। গতকালও সেই রেকর্ডটা অক্ষুণ্ন রেখেছে ফিলিপ স্কলারির শিষ্যরা।— রয়টার্স