বালোতেল্লির আক্ষেপ আর আনন্দ
দুই গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করেছে ইতালি। ড্রটা মারিও বালোতেল্লিরই সৌজন্যে। দলের সমতাসূচক গোলটি করেছেন তিনি। ম্যাচ শেষে ভিজেছেন কোচ-সতীর্থদের প্রশংসায়। বালোতেল্লির কপালে জুটেছে ভর্ৎসনাও। তবে তা একান্ত আপনজনেরই কাছ থেকে। বালোতেল্লির বাবা সামান্য তিরস্কার করেছেন ছেলেকে। বালোতেল্লি অবশ্য বলছেন, ব্রাজিল ম্যাচে সুযোগ নষ্ট করায় বাবা তাঁকে তীব্র ভর্ৎসনা করেছেন!বিশ্বকাপ বাছাইপর্বে আজ মাল্টার বিপক্ষে খেলবে ইতালি। তার আগে এসি মিলান স্ট্রাইকার বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ড্র করার পর আমার বাবার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেন, “তুমি আর কথা বলো না।” কারণ আমি অনেক সুযোগ মিস করেছি!’ অন্দরের এ ঘটনাই শুধু নয়, মাল্টা ম্যাচের আগে বালোতেল্লি কথা বলেছেন তাঁর ছোট ক্যারিয়ারে ঘটে যাওয়া অনেক বিষয় নিয়েই।প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই। কিন্তু নিজের সেরাটা দিতে পারছিলেন কমই। গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে আসতেই যেন বালোতেল্লির ভাগ্যের চাকা ঘুরে গেছে। মিলানে এসে ছয় ম্যাচেই ৭ গোল করেছেন। উতুঙ্গ ফর্ম খুলে দিয়েছে তাঁর মুখের বাঁধনও। চাপা স্বভাবের বালোতেল্লি কথার খই ফুটিয়ে চলেছেন। বছর ছয়েকের পেশাদার ক্যারিয়ার। কিন্তু বিতর্কিত ঘটনায় জড়িয়েছেন অজস্রবার। উল্টাপাল্টা কাণ্ড করে কত যে খবর হয়েছেন! বালোতেল্লির ভাষায় যার অধিকাংশই গণমাধ্যমের বাড়াবাড়ির ফসল। তবে বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে বালোতেল্লি এও বুঝতে পারছেন, মাথা গরম করে এমন কিছু কাজ করেছেন, যা করা মোটেই উচিত হয়নি। এ জন্য পুড়ছেন অনুশোচনার আগুনে। তবে ২২ বছর বয়সী স্ট্রাইকার সবচেয়ে বেশি অনুতপ্ত ইন্টার মিলানের জার্সি ছুড়ে মারার সেই ঘটনায়।২০১০ সালে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে নিজের দলের সমর্থকদের অপমান সহ্য করতে না পেরে জার্সিটা ছুড়ে ফেলেছিলেন। ওই ম্যাচে ইন্টার জিতেছিল ৩-১ গোলে। বালোতেল্লি বলছেন, ওই ঘটনা এখনো ভেতরে ভেতরে তাঁকে পোড়ায়, ‘কখনোই আমার মাথা ঘুরে যায়নি। আমি কখনোই নিজেকে বিশ্বের সেরা বা খারাপ বলিনি। আমি আমিই। এবং এটাই যথেষ্ট। আমার জীবনে আমি একটা বিষয়ই আবার এড়িয়ে চলব, ইন্টারের জার্সিটা আর মাটিতে ছুড়ে মারব না।’অন্যায়ের শিকার তিনিও কম হননি। বর্ণবাদের শিকার হন প্রায়ই। বালোতেল্লির আক্ষেপ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকেরা খেলাটি থেকে বর্ণবাদের বিষ উপড়ে ফেলতে আন্তরিকভাবে কাজ করছে না, ‘এটাই আমাকে বিরক্ত করেছে, এটাই আমাকে ক্ষুব্ধ করে, আমি এটা পছন্দ করি না। কিন্তু এই সমস্যা থেকে আমরা খুব একটা বেরিয়ে আসতে পারিনি।’ তবে এসব সত্ত্বেও তাঁর দাবি, ‘অনেকেই আমাকে পছন্দ করে। কিন্তু সবাই নয়।’ ওয়েবসাইট।