বালোতেল্লির আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

বুকে জ্বলছে প্রতিশোধের আগুন। সে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করছে স্পেনকে। কিন্তু পারছেন না মারিও বালোতেল্লি। চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আজ ইতালিয়ান স্ট্রাইকার শুধুই দর্শক! বছর খানেক আগে এই স্পেনের কাছে হেরেই দ্বিতীয়বারের মতো ইউরো জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালির। পুরো টুর্নামেন্টে দারুণ খেললেও ফাইনালে দলের হার ঠেকাতে পারেননি বালোতেল্লি। অথচ সেই ইউরোতে খেলেই সবার নজর কেড়েছিলেন ইতালিয়ান এই স্ট্রাইকার। ফাইনালে দলকে জেতাতে পারলে ইনিয়েস্তার বদলে সেরা ফুটবলারের পুরস্কার পেয়ে যেতে পারতেন তিনিও। স্পেন এভাবেই হতাশ করেছিল বালোতেল্লিকে, ইতালিকে। অনেক দিনের পুরোনো শত্রুকে আজ আবার সামনাসামনি পেয়েও বালোতেল্লি নিজে খেলতে না-পারার আফসোসে পুড়ছেন, ‘আমার নিজেকে হতভাগা মনে হচ্ছে। সতীর্থদের সঙ্গে থাকতে পারলে খুব ভালো লাগত।’ এসি মিলান তারকার না থাকাটা যে ইতালির জন্যও বিশাল ক্ষতির, সেটা মানছেন তাঁর সতীর্থ ক্লদিও মারকিসিও, ‘মারিও কতটা পরিণত সেটা তো এই কনফেডারেশনস কাপেই সে দেখিয়েছে। এ রকম একটা প্রতিশোধের ম্যাচে সে খেলতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তাঁকে পাচ্ছি না।’ বালোতেল্লি না থাকায় আজ ইতালির আক্রমণভাগের দায়িত্ব বর্তাবে আলবার্তো জিলার্দিনোর কাঁধে। তবে বোলোনিয়া স্ট্রাইকারের ওপরও নিশ্চিন্তে আস্থা রাখছেন মারকিসিও, ‘জিলার্দিনো খুব অভিজ্ঞ। নিজের কাজটা সেও খুব ভালো জানে। সুতরাং আমরা চিন্তিত নই।’

বালোতেল্লি না থাকলেও প্রতিশোধ-মিশন থেকে কিন্তু নড়ছে না ইতালি। ইউরোর ফাইনালে হারের বদলা নিতে তারা প্রস্তুত। ঊরুর পেশি ছিঁড়ে দেশে ফিরে যাওয়া সতীর্থের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে? এএফপি।